নাফ সীমান্তের সেন্টমার্টিন উপকূল থেকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া ১২ জেলের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানেনা স্বজনরা। তাই দিনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভূক্তভোগী পরিবারগুলোর হাহাকার। অজোর ধারায় কাঁদছে তাদের পরিবার গুলো।
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এখনও পর্যন্ত এসব জেলেদের ফেরত না দেয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছে স্বজনরা। আর মিয়ানমারের বিজিপি কর্তৃক বাংলাদেশি জেলেদের আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আটকের ভয়ে অনেক জেলে এখন মাছ শিকার বন্ধ করে দিয়েছে। জেলেদের ফিরিয়ে আনার ব্যাপারে টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ জানান, বর্তমানে মিয়ানমারে নানা সমস্যা বিরাজ করছে। যার কারণে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করতে সমস্যায় পড়তে হয়। তারপরও দোভাষী এবং ই-মেইলে জেলেদের ফেরত ব্যাপারে যোগাযোগ করা হয় চেষ্টা করা হলেও করা যায়নি।
তিনি জানান, সবশেষ গত শনিবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সাথে যোগাযোগ করা হয়। তারা ধরে নিয়ে যাওয়া জেলেদের ফিরিয়ে দেয়ার বিষয়ে তাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। পরবর্তীতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেদের ফিরিয়ে দেয়ার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবে বলে জানায়।
এদিকে মিয়ানমারের বিজিপি কর্তৃক বাংলাদেশি জেলেদের আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আটকের ভয়ে অনেক জেলে এখন মাছ শিকার বন্ধ করে দিয়েছে। তবে এব্যাপারে বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের যেহেতু সমস্যা চলছে, তাই নাফ নদী কিংবা বঙ্গোপসাগরে সাবধানে মাছ শিকার করার ব্যাপারে বাংলাদেশি জেলেদের সতর্কতা করা হচ্ছে।
তিনি আরও জানান, আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে মিয়ানমারের অভ্যন্তরে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বাংলাদেশি জেলেদের ফিরিয়ে দেয়ার বিষয়টি আলোচনা করা হবে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর টেকনাফের নাফ নদী থেকে ৩ জন, ১১ নভেম্বর বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে ৬ জন ও সবশেষ গত ১১ নভেম্বর টেকনাফের ২ নং স্লুইচ গেট-সংলগ্ন নাফনদীর বাংলাদেশ সীমানা আরো ৩ জন জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।


























































