পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নেতৃত্বে এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (এপিকটা) অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের ২-৫ তারিখে তাইওয়ানের তাইপে শহরে। এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডস (এপিকটা অ্যাওয়ার্ডস) একটি আন্তর্জাতিক পুরস্কার প্রতিযোগিতা, যা এপিকটা দ্বারা পরিচালিত।
এই বছর মোট ১৭টি শ্রেণীতে এই পুরষ্কার দেয়া হচ্ছে। প্রতিযোগিতাটি আইসিটি সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল বিভাজনে সহায়তা করার লক্ষ্যে উৎসাহ প্রদানের লক্ষ্যে আয়োজিত।
প্রতিযোগিতায় ভালো ফলাফলের জন্যে বেসিসের পক্ষ থেকে গত ১৪ ও ১৫ই নভেম্বর সকল নির্বাচিত প্রতিযোগিদের বেসিস মিলনায়তনে ২দিন ব্যাপি প্রস্তুতি ও পরামর্শমূলক উপস্থাপনার ব্যবস্থা করা হয়।
এপিকটা প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিচারক হিসেবে বেসিস নির্বাহী পরিষদের সভাপতি জনাব মোস্তাফা জব্বার, সিনিয়ার সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশেদুল হাসান, পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এবং শাহ ইমরূল কায়ীশসহ মোট ৫জন অংশ নেবেন।

























































