ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে রাজনৈতিক অপতৎপরার মাধ্যমে নিজেদের আড়াল করার অভিযোগ উঠেছে। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদ গত এক বছরে প্রতিষ্ঠানটির আমূল পরিবর্তন এনেছেন। ইতোমধ্যে তিনি দুর্নীতিবাজ কর্মকর্তাদের এ হাসপাতাল থেকে বদলি করছেন।
হাসপাতালজুড়ে এখন চলছে দুর্নীতিবাজদের বদলি আতঙ্ক। এই দুর্নীতিবাজ চক্রটি তাদের দুর্নীতি আড়াল এবং বদলি ঠেকাতে ভিন্ন কৌশল অবলম্বন করে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরা নিজেদের এখন সরকারি দলের নেতা-কর্মী ও সমর্থক হিসেবে দাবি করছেন।
যদিও সরকারি দলের নেতা-কর্মীরা বলছেন, দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাকর্মী ও সমর্থক হতে পারেন না।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদ বলেছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে আমার এক বছর পূর্ণ হলো। এ এক বছরে আপনাদের সকলের সমর্থন ও সহযোগিতায় চেষ্টা করেছি- হাসপাতাল ভালভাবে পরিচালনা করার জন্য। এ এক বছরে আমাদের অর্জন কম নয়। কিছু বিষয় বিনয়ের সাথে উল্লেখ করছি- হাসপাতালে নিউরোসার্জারি ওয়ার্ড চালু হওয়ার পর ৫৫ জন রোগীর মস্তিষ্কে জটিল অপারেশান সম্পন্ন করা হয়েছে।এ বিভাগের জন্য প্রায় ৪০ লাখ টাকা নিজস্ব ব্যবস্থায় জোগাড় করা হয়েছে। প্রথমবারের মত ১ নভেম্বর থেকে ৫০ জন সশস্ত্র আনসার নিয়োগ দেয়া হয়েছে। হাসপাতালের জরাজীর্ণ ভবন ও নুতন ভবনে বিভিন্ন সংস্কার কাজ, যা পিডব্লিউ করার কথা- আমরা যতটা সম্ভব নিজ উদ্যোগে করে যাচ্ছি। ডায়েট ব্যবস্থায় স্বচ্ছতা এনেছি। রোগীর ঔষধ শতভাগ দেয়ার আপ্রাণ চেষ্টা করছি। ডায়াবেটিস আউডোর চালু করেছি।
ডেন্টাল বিভাগে ১২টি ডেন্টাল চেয়ার কিনে দিয়েছি। আগে যেখানে ১৭শ থেকে ১৮শ রোগী ভর্তি হতো, এখন গড়ে ২৪শ রোগী ভর্তি থাকে। আউটডোরে পূর্বে ১৫শ রোগী আসত, বর্তমানে তিন হাজার রোগী আসছেন।
পরিচালক জানান, হাসপাতালের সৌন্দর্য বৃদ্ধির জন্য যা করা হয়েছে, তা দৃশ্যমান। পুরো হাসপাতালের নিরাপত্তার স্বার্থে নিচতলায় ১৩ লাখ টাকায় গ্রিল করা হয়েছে। কনফারেন্স রুম আধুনিক করা হয়েছে। এক্সরে বিভাগে ৩৬ লাখ টাকা খরচ করে ২টি আলট্রাসাউন্ড মেশিন ক্রয় করা হয়েছে। এক্সরে বিভাগের আধুনিক করার কাজে ২৭ লাখ টাকা ব্যয় করা হয়েছে। অতিরিক্ত ৪০০ জনবল ভাল সার্ভিসেসের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় নিয়োগ দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমি বলি না আমি সব করেছি। সাহায্য ও আরো সহযোগিতা পেলে আরো অনেক কিছু করা যেত। আমার একার পক্ষে সব পরিবর্তন করা সম্ভব নয়। আপনাদের হাসপাতালে ক্যাথল্যাব নেই। ডায়ালাইসিস মেশিন নেই। এমআর মেশিন ও সিটি স্কেন মেশিন ১০ বছরের পুরানো।’
তিনি বলেন, আমার স্টাফ বা কেউ দুর্নীতি করলে আমাকে চিঠি বা টেলিফোনে জানান।


























































