শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাত-পা ও মস্তকবিহীন লাশ উদ্ধার ভালুকায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৬

259231_1

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহের ভালুকার পল্লী থেকে হাত-পা ও মস্তকবিহীন এক অজ্ঞাত ব্যক্তির (৪৫) গলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

আজ শুক্রবার বিকেলে উপজেলার আঙ্গারগাড়া গ্রামের কালিরচালা নামক এলাকার একটি পোল্ট্রি খামারের লিটারের গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে উপজেলার আঙ্গাগাড়া কালিরচালা এলাকার স্থানীয় তারেক ও পাশের সখীপুর উপজেলার কচুয়ার শাহাদতের যৌথ মালিকানাধীন পোল্ট্রি খামারের লিটারের গর্তে হাত-পা ও মস্তকবিহীন অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কালিরচালা গ্রামের বৃদ্ধ আলহাজ্ব আব্দুর রহমান জানান, আমার ভাতিজা আবুল হাশেম (৪৫)। তার বাবার নাম মৃত আব্দুস ছামাদ। তাকে ৫/৬ দিন পূর্ব থেকে পাওয়া যাচ্ছিল না। লাশটি তার ভাতিজার হবে বলে তিনি নিশ্চিত করে বলেন, ভাতিজা আবুল হাশেম ও তার স্ত্রীর ইসমত আরার মাঝে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিল এবং সম্প্রতি তার স্ত্রী স্বামী আবুল হাশেমের বিরুদ্ধে মামলাও করেছে।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হযরত আলী জানান, ৫/৬ দিন পূর্বে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মস্তক, দুই হাত ও দুই পা অন্যত্র ফেলে দেহটি এখানে ফেলে যেতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি