ডেস্ক রিপোর্ট : বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, স্থানীয় নির্বাচনসহ গত কয়েক বছরের নির্বাচন জনগণের মনে আস্থাহীনতার সৃষ্টি করেছে। বর্তমান নির্বাচন কমিশন বিতর্কিত। সেজন্য একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের কোনো বিকল্প নেই।
শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নতুন নির্বাচন কমিশন গঠন ও কাঠামো সম্পর্কে আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
নতুন নির্বাচন কমিশন গঠন ও কাঠামো সম্পকে খালেদা জিয়া বলেন, নিবন্ধনকৃত রাজনৈতিক দল বা বিভিন্ন সময়ে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে বাছাই কমিটি হবে। দুই রাজনৈতিক জোটের দুই মূল প্রতিনিধি, সহায়তাকারী আরো দুজন প্রতিনিধি বৈঠকে থাকবেন। মহাসচিব বা সাধারণ সম্পাদক পর্যায়ে বৈঠক করতে হবে। সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। জাতীয় নির্বাচনের জন্য একটি স্থায়ী ব্যবস্থা প্রণয়ন বাঞ্ছনীয়।























































