যারা মোবাইল ফোন ব্যবহার করেন, তাদের অনেকেরই মাথাব্যথার কারণ হয় ফোনের ব্যাটারি। যাদের ফোন খুব বেশি মাত্রায় ব্যবহার হয়, তাদের ফোনের চার্জও শেষ হয়ে যায় দ্রুত। চার্জ শেষ হয়ে গেলে দ্রুত চার্জ দেওয়ার সুযোগ সবসময়ে মেলে না। সেক্ষেত্রে পড়তে হয় বিপদে। যত অ্যাপ ব্যবহার করবেন, গেমস খেলবেন বা ইন্টারনেটে ব্যস্ত থাকবেন তত আপনার ফোনের ব্যাটারি ক্ষয় হতে থাকবে। অনেকে তো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরেন যাতে মোক্ষম সময়ে নোবাইল মৃত ঘোষিত না হয় তার জন্য। কিন্তু এত কিছু করেও আসল সমস্যার কোনও সমাধান মিলছে না। এবার মিলবে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক এমন একটি উপাদান আবিষ্কার করেছেন যার ব্যবহারে মাত্র একবার চার্জ করলে ৩ মাস আর মোবাইল চার্জ করার প্রয়োজন পড়বে না।
এই উপাদানটিকে বলা হচ্ছে ম্যাগনেটো ইলেকট্রিক মাল্টিফেরোইক। এই উপাদান ব্যবহারের ফলে কম্পিউটার বা ল্যাপটপে ক্রমাগত বিদ্যুৎ সরবরাহ করার প্রয়োজন পড়বে না। মাঝে মধ্যে প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করে দেবে উপাদানটি। তার ফলেই সচল থাকবে আপনার কম্পিউটার বা লেপটপ। শুধু মোবাইলই নয়, যে কোনো নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য ইলেকট্রনিক বস্তুতে যদি এই প্রযুক্তি ব্যবহার করা হয়, তবে সারা বিশ্বে বিদ্যুত্ খরচের মাত্রা উল্লেখযোগ্য হারে কমে যাবে।
সমীক্ষা বলছে, বিশ্বে যত বিদ্যুৎ ব্যবহৃত হয় তার অর্ধেকই প্রয়োজন হয় আমাদের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ইলেকট্রনিক জিনিস চার্জ করা বা চালানোর জন্য। ফলে এই প্রযুক্তির বহুল ব্যবহার হলে শুধু বিদ্যুতই বাঁচবে না, তার সঙ্গে পরিবেশ দূষণও ব্যাপক হারে কমে যাবে। বিশ্ববিদ্যালয়ের এক প্রবীণ গবেষক জানিয়েছেন, এই প্রযুক্তি আসতে এখনও কিছু বছর সময় লাগবে। তবে যখন এর ব্যবহার শুরু হবে তখন বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যবহার এক ধাক্কায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে।

























































