শিক্ষার্থীদের গণিতভীতি সর্বজনবিদিত। কিন্তু হাজার হাজার সমীকরণ নিয়ে কাজে ডুবে থাকা পদার্থবিজ্ঞানীদের গণিতভীতি! এটি প্রায় অবিশ্বাস্য একটি বিষয়। কিন্তু এ অবিশ্বাস্য বিষয়টিকেই বিশ্বাস করতে বলছেন খোদ বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, উচ্চ গণিতে প্রশিক্ষণ গ্রহণের বদলে এ-সংশ্লিষ্ট কাজ এড়িয়ে চলেন পদার্থবিজ্ঞানীরা। খবর ফিজ ডট ওআরজি।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সটারের ড. টিম ফসেট ও ড. এন্ড্রু হিগিনসন সম্প্রতি যৌথভাবে একটি গবেষণা পরিচালনা করেন। ফিজিক্সের বিভিন্ন বিষয়ে লেখা দুই হাজার গবেষণা নিবন্ধ পর্যালোচনা করেন তারা। মূলত এসব গবেষণা নিবন্ধে উল্লিখিত রেফারেন্সগুলো তারা বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, পদার্থবিজ্ঞানীরা অধিক গাণিতিক সমীকরণসমৃদ্ধ নিবন্ধকে এড়িয়ে যাচ্ছেন। তুলনামূলক কম গাণিতিক সমীকরণবিশিষ্ট গবেষণা নিবন্ধকেই নিজেদের গবেষণা নিবন্ধের রেফারেন্স হিসেবে ব্যবহারের প্রবণতা বেশ স্পষ্ট। আর এর মধ্য দিয়েই পদার্থবিজ্ঞানীদের গণিতভীতির বিষয়টি সামনে এসেছে। এ-বিষয়ক গবেষণা নিবন্ধটি সম্প্রতি নিউ জার্নাল অব ফিজিক্সে প্রকাশ হয়েছে।
ড. হিগিনসন বলেন, ‘আমরা আগেই দেখেছি যে, জীববিজ্ঞানীরা গাণিতিক সমীকরণ এড়িয়ে চলেন। পদার্থবিজ্ঞানীরা সাধারণত গণিতে পারদর্শী হন। কিন্তু এখন এ গবেষণা ফলাফল আমাদের বিস্মিত করেছে।’
তিনি বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
কারণ এটি পরীক্ষামূলক গবেষণাকাজের সঙ্গে গাণিতিক তত্ত্বের বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছে। এটি যেকোনো ধরনের বৈজ্ঞানিক অগ্রগতিতে একটি বড় বাধা হয়ে উঠতে পারে।’
গবেষণা নিবন্ধে বলা হয়েছে, পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের উচ্চ গাণিতিক প্রশিক্ষণ নিতে হয়। এ কারণে শুধু বিজ্ঞান শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এ গণিতভীতি কাটানো সম্ভব নয়। বরং এজন্য প্রয়োজন উচ্চমাত্রার কৌশলী পদক্ষেপের। এর মধ্যে গাণিতিক সমীকরণের প্রকৃত অর্থ শিক্ষার্থীদের মধ্যে আরো বিস্তৃতভাবে তুলে ধরা একটি পন্থা হতে পারে।
ড. ফসেট বলেন, ‘দেখা গেছে, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা নিবন্ধের পাঠোদ্ধারেই অনেক লম্বা সময় ব্যয় হয়। পদার্থবিজ্ঞানের অনেক অধ্যাপকও এর বাইরে নন। আর এ কারণেই হয়তো মূল্যবান সময় বাঁচাতে তারা কম গাণিতিক সমীকরণবিশিষ্ট গবেষণা নিবন্ধকে রেফারেন্স বা সাইটেশন হিসেবে বেছে নেন। এজন্য নিজেদের কাজের গাণিতিক বর্ণনা দেয়ার ক্ষেত্রে পদার্থবিজ্ঞানীদের আরো সচেতন হওয়া জরুরি। তত্ত্বকে এমনভাবে উপস্থাপন করা উচিত, যাতে তাদের সহকর্মীরা তা সহজে বুঝতে পারেন।’

























































