
আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লা নগরীর কাপড়িয়াপট্টির চকবাজার এলাকায় অবৈধ পলিথিন উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, র্যাব ১১ ও পুলিশ প্রশাসন।
সোমবার (২১ নভেম্বর) বিকেলে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কাপড়িয়াপট্টি এলাকার কালাম ষ্টোর, পাটোয়ারি ষ্টোর,সোমা ষ্টোর, ও ঢাকা ষ্টোরসহ মোট ৪টি পাইকারি দোকান থেকে ১০ লক্ষ টাকার মূল্যের নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে ৪ জনকে আটক করে যৌথ বাহিনী। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর এর উপ পরিচালক সামুসুল আলম, র্যাব ১১, সিপিসি-২ এর এএসপি মো: বাবুল আক্তার ও জেলা প্রশাসনের এনডিসি মো: সোহাগ চন্দ্র সাহা এবং পুলিশ প্রশাসন।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিদের ৩ টি দোকানে ৫০ হাজার টাকা করে ও একটি দোকানে ১০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করে এবং অনাদায়ে ৬ মাসের জেল প্রদানের নির্দেশ দেন মোবাইল কোর্ট।

















































