পূর্বাশা ডেস্ক:
‘বৃদ্ধ বাবা ঝালমুড়ি বিক্রি করে আমাদের খাওয়ান। তার কষ্ট কমাতেই লাইটার কারখানায় কাজ শুরু করি। তবে ভাগ্য এতোই খারাপ যে- বাবাকে একদিনের কামাইও খাওয়াতে পারলাম না।’ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটের তৃতীয় তলার বেডে শুয়ে এভাবেই নিজের আক্ষেপের কথা বলছিল দগ্ধ ইসরাত জাহান খাদিজা (১৫)।
বয়স কম হলেও কিশোরী এ খাদিজার স্বপ্ন ছিল অনেক বড়। মাত্র ২১ দিন হলো লাইটার কারখানায় কাজ শুরু করেছে সে। এখানে ২-১ বছর কাজের পর গার্মেন্টসে বড় পদে কাজ করে টাকা আয় করার স্বপ্ন ছিল তার। একটাই আক্ষেপ বাবাকে পরিশ্রমের এক টাকাও দিতে পারেনি সে।
গত মঙ্গলবার আশুলিয়ার জিরাবো এলাকার ‘কালার ম্যাক্স (বিডি) লিমিটেড’ এ আগুনের ঘটনায় গুরুতর দগ্ধ হয় খাদিজা। তার দুই হাত, দুই পা, মুখ ও পিঠসহ শরীরের ১৬ ভাগ অংশ পুড়ে গেছে।
চার বোন এক ভাইয়ের মধ্যে তৃতীয় খাদিজা। বড় বোন ঢাকার একটি গার্মেন্টসে কাজ করে। তার বাবা দুলাল মৃধার বয়স ৬০ বছর। তিনি বরগুনায় গ্রামের বাড়িতে ঝালমুড়ি বিক্রি করেন।
খাদিজা জাগো নিউজকে বলেন, ‘এতো বয়স হওয়ার পরেও আমাদের খাওয়ানোর জন্য বাবা ঝালমুড়ি বিক্রি করে। বুড়ো বয়সে আমাদের জন্য কষ্ট করে।তাঁর কষ্ট সহ্য হত না। খুব ইচ্ছা ছিল কাজ করে বাবাকে খাওয়াবো। নভেম্বরের ১ তারিখে এই চাকরি শুরু করি। ২১ দিন কাজ করি। বেতন পাওয়া হল না বাবাকে খাওয়ানোও হল না।’
Khadija
বরগুনার খাদিজা তার বড় বোনের সঙ্গে আশুলিয়ার জিরাবোর একটি ঘর ভাড়া নিয়ে থাকতো। সাড়ে ৪ হাজার টাকা বেতনে কারখানার ‘হেল্পার’ পদে সে চাকরি শুরু করে। তার বোন আশুলিয়ার একটি গার্মেন্টসে চাকরি করে। খাদিজাও এসেছিল গার্মেন্টসে চাকরি করতে। কিন্তু ভাগ্য তাকে গ্যাস লাইট ফ্যাক্টরিতে নিয়ে যায়। গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরির সুযোগ না থাকায় আপাতত সেখানেই কাজ করার সিদ্ধান্ত নেয় সে।
তোমার ইচ্ছার কি ছিল, ছোটকালে কি হতে চেয়েছিলে? এমন প্রশ্নের জবাবে খাদিজা জানায়, ‘মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশুনা করেছি। একটা ভালো গার্মেন্টসে চাকরি করে ভালো থাকার ইচ্ছা ছিল। ভালো জীবন-যাপনের ইচ্ছা ছিল। বাবা-মা’কে চালানোর ইচ্ছা ছিল।’
তবে আগুনে খাদিজার এসব ইচ্ছে ম্লান হতে চলেছে। চিকিৎসকরা জানালেন, খাদিজার অবস্থা আশংকাজনক। ১ মাস পর্যবেক্ষণের পরেই পরবর্তী অবস্থা বলা যাবে। স্বাভাবিক জীবনে ফিরতে বছর খানিক সময় লাগতে পারে।
শারীরিক অবস্থা জানতে চাইলে খাদিজা বলেন, ড্রেসিং করার পর থেকে সারা শরীরে ব্যথা। হঠাৎ হঠাৎ ব্যথা হয়। কিছুই ভালো লাগে না। ভেতর থেকে শরীরটা খুব টানে।
ডাক্তাররা খাদিজাকে খাওয়ার পরামর্শ দিলেও খেতে পারে না খাদিজা। সারাদিনে মাত্র কয়েক টুকরা সিদ্ধ ডিম আর অর্ধেক কলা খেয়েছে সে।
খাদিজা ছাড়াও আশুলিয়া থেকে আসা আরো ১৮ জন আগুনের যন্ত্রণায় ঢামেক বার্ন ইউনিটে কাতরাচ্ছেন। এদের মধ্যে সোনিয়ার শরীরের ২২ ভাগ, সখিনার ৩০ ভাগ, ফারজানার ২২ ভাগ, হেলেনার ১২ ভাগ, মুক্তির ২০ ভাগ, শিমুর ২০ ভাগ, সোনিয়া-২ এর ৩০ ভাগ, ফাতেমার ২০ ভাগ, হালিমার ২৫ ভাগ, নাজমার ২৫ ভাগ, আয়েশার ২০ ভাগ, হাফিজার ২০ ভাগ, রিনার ১৫ ভাগ, মাহমুদার ৩০ ভাগ, মাহিরার ৪০ ভাগ, জান্নাতের ৩০ ভাগ, লাভলীর ৩০ ভাগ এবং জাকিয়ার ১২ ভাগ পুড়ে গেছে।
এ ঘটনায় গুরুতর দগ্ধ আখি ও রকি মারা গেছে।
আহতদের শারীরিক অবস্থা জানতে চাইলে ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জাগো নিউজকে বলেন, খাদিজাসহ আশুলিয়ার কারখানার যারা বার্নে চিকিৎসাধীন সবারই অবস্থা আশংকাজনক। সুস্থ হয়ে বাড়ি ফেরার আগ পর্যন্ত কাউকেই আশঙ্কামুক্ত বলা যাবে না। তবে তাদের সুস্থতায় বার্নের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।


























































