নিম্নমানের ওষুধ উৎপাদনের অভিযোগে দায়ের করা মামলায় রিড ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানসহ পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ এম আতোয়ার রহমান এ রায় প্রদান করেন। আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুল খালাস প্রদান করেন বিচারক।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- প্রতিষ্ঠানের পরিচালক শিউলি রহমান, পরিচালক আব্দুল গণি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও অপর ফার্মাসিস্ট এনামুল হক।
২০০৯ সালে নিন্মমানের ওষুধ উৎপাদনের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। রিড ফার্মার তৈরি প্যারাসিটামল ও সাসপেনশন খেয়ে ওই বছরে সারা দেশে ২৮ শিশুর মৃত্যু হয় বলে খবর রয়েছে।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, সঠিক নিয়ম মেনে জব্দ তালিকা ও পরীক্ষার প্রতিবেদন জমা দেননি মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। মামলা দায়েরের সময় যেসব পদেক্ষেপ নেয়া উচিৎ ছিল তা না নেয়ায় তার অযোগ্যতা ও অদক্ষতা প্রমাণ দিয়েছেন। তাই মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুল খালাস প্রদান করা হলো।


























































