মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সোসিয়েদাদ বাঁধা পেরুতে ব্যর্থ বার্সা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

1480315808
পূর্বাশা ডেস্ক:
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনা আবারো জয় থেকে বঞ্চিত হয়েছে। এই নিয়ে টানা আট ম্যাচে সোসিয়েদাদ বাঁধা পেরুতে পারলো না বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নিজেদের কঠোর রক্ষনভাগ দিয়ে লা লিগায় আবারো বার্সাকে রুখে দিয়েছে সোসিয়েদাদ। রবিবার দুই দলের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে বার্সেলোনার পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ছয়।
বিরতির ঠিক পরে উইলিয়ান হোসে সোসিয়েদাদকে এগিয়ে দেবার ছয় মিনিট পরে লিয়নেল মেসির গোলে বার্সা কোনরকমকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। তবে কার্লোন ভেলার দুটি শট গোলপোস্টে লেগে ফেরত না আসলে অথবা জুনামির হেড অফ সাইডের ফাঁদে না পাড়লে সান সেবাস্টিয়ানে হয়ত বার্সেলোনাকে টানা পঞ্চম ম্যাচে পরাজয়ের গ্লানি সহ্য করতে হতো। ম্যাচ শেষে বার্সা বস লুইস এনরিকে বলেছেন, আজকের ম্যাচে এক পয়েন্ট পাওয়াটা অত্যন্ত আশ্চর্য্যজনক ঘটনা। বল এবং বল ছাড়া সোসিয়েদাদ সব জায়গাই আমাদের থেকে ভাল খেলেছেন। তারা সব লড়াই জয় করেছে।
এক পয়েন্টই অবশ্য বার্সেলোনাকে দ্বিতীয় স্থান ধরে রাখতে যথেষ্ঠ ছিল। কিন্তু শনিবার ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী মাদ্রিদকে পরাস্ত করতে তারা মুখিয়ে আছে। আর সেটা করতে পারলে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধানটাও অনেকখানি কমে আসবে।
২০০৭ সালের পর থেকে সান সেবাস্টিয়ানে জয়ী হতে পারেনি বার্সেলোনা। তবে এবার এক পয়েন্ট অর্জন করেই খুশী কাতালান শিবির। এ সম্পর্কে বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে বলেছেন, এভাবে খেললে লিগে জয় পাওয়াটা মুশকিল।
প্রথমার্ধ গোলশুণ্য থাকলেও বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিল সোসিয়েদাদ। জাভি প্রিয়েতো ও ভেলা বিরতির আগে দুটো সুযোগ নষ্ট করেন। ৫০ মিনিটে সফরকারীদের পক্ষে একমাত্র ভাল সুযোগটি সৃষ্টি করেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে তার ফ্রি-কিক আটকে দিয়ে সোসিয়েদাদকে রক্ষা করেন গোলরক্ষক জেরোনিমো রুলি। তিন মিনিট পরে পিকের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ডেডলক ভাঙ্গেন হোসে। ছয় মিনিট পরে নেইমারের ক্রস থেকে মেসি দলের পক্ষে সমতা ফেরানোর পাশাপাশি মৌসুমে ১৬ ম্যাচে ১৯ গোল পূর্ণ করেন। ম্যাচ শেষের ১৪ মিনিট আগে ভেলার দুটি প্রচেষ্টা ও বদলী খেলোয়াড় জুনামির হেড অফ সাইডের কারনে বাতিল হয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। বাসস।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি