ধানমণ্ডির একটি ওষুধের দোকানে ওষুধের পাশাপাশি বিক্রি হচ্ছে কোমল পানীয়সহ অন্যান্য দ্রব্য
লাইসেন্স নিয়েই খোলা ওষুধের দোকান। কিন্তু তার ভেতরে ওষুধের পাশাপাশি শেলফভরা দেশি-বিদেশি চিপস, বেকারির জিনিস, এমনকি লিপস্টিকও। দেদারসে বিক্রি হচ্ছেও হচ্ছে এসব। খানিকটা সময় লক্ষ্য করলেই দেখা যায়, বরোয়ারি ব্যবসা চলছে ওষুধ প্রশাসন থেকে লাইসেন্স নেওয়া এসব ‘সুনির্দিষ্ট’ ওষুধের দোকানে।
রাজধানীর ধানমণ্ডিতে নামকরা এক ফার্মেসিতে সোমবার দুপুরে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখা গেল, এক ব্যক্তি এজিথ্রোমাইসিন গ্রুপের ৫টি এন্টিবায়োটিক কেনার পর ডেক্সপোটেন কফ সিরাপ চান। এর একটু পরেই এক মা তার স্কুলফেরত শিশুকে নিয়ে বিদেশি চিপস, চকলেট আর ওয়েফার কিনেন। তিনি যখন বাহারি রঙের লিপস্টিক দেখছেন, ঠিক তখনই এক বৃদ্ধা এসে একটি বাইজোরান চাইলেন। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই দোকানির। লিপস্টিকের কালার দেখাতেই মনোযোগী দোকানি।
দোকান ফাঁকা হওয়ার পর কেন ফার্মেসিতে এ ধরনের জিনিস বিক্রি করা হচ্ছে, জানতে চাইলে ওই দোকানি বলেন, ‘দোকানে ওষুধের বিক্রি নেই। তাই এসব রাখতে হয়। দোকানের বাইরে চিপস, কোল্ডড্রিঙ্কস থাকলে বাচ্চারা মায়েদের নিয়ে দোকানে আসে।’ ফার্মেসির লাইসেন্স নিয়ে এটা করা সম্ভব কিনা, জানতে চাইলে তিনি স্বীকারও করেন, ‘এটা অন্যায়।’
আইন অনুযায়ী, ফার্মেসি বা ওষুধের দোকানগুলোতে ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স এমনভাবে রাখতে হবে যাতে মানুষ দেখতে পায়। কিন্তু দেশের বেশিরভাগ ফার্মেসিই এই নিয়ম মানছে না।
লাইসেন্স দেখতে চাইলে সেটি সিলিং থেকে পেড়ে ধুলো মুছে দেখানো হয়। সেখানে নির্দেশনাবলীতে স্পষ্ট লেখা আছে, ‘লাইসেন্স গ্রহীতাকে জনসমক্ষে লাইসেন্স প্রদর্শন করতে হবে। লাইসেন্স গ্রহীতাকে ১৯৪০ সালের ড্রাগ আইন মোতাবেক সব ধরনের বিধিনিষেধ মেনে চলতে হবে লাইসেন্সের দায়িত্বপ্রাপ্ত কোনও ব্যক্তির পরিবর্তন হলে সেটি অবিলম্বে লাইসেন্স দাতা কর্তৃপক্ষকে জানাতে হবে।’
এবিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ওষুধ প্রশাসন অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ‘এগুলো একেবারেই আমাদের নজরদারিতে নেই তা নয়, মাঝেমধ্যে ব্যবস্থাও নেওয়া হয়। তবে এসব ফার্মেসি বন্ধের কোনও পরিকল্পনা নেই।’
এ বিষয়ে জানতে অধিদফতরের মহাপরিচালক ও পরিচালককে অনেকবার মোবাইল ফোনে কল দিয়ে ও ক্ষুদে বার্তা পাঠালেও তারা উত্তর দেননি।
ওষুধের দোকানের নির্দেশিকা
কেমিস্ট এণ্ড ড্রাগিস্ট সমিতির সাবেক কর্মকর্তা এ এস এম মনির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের আইনে এ ধরনের কোনও সুযোগ নেই। যে বিষয়ে আপনি দোকানের লাইসেন্স নিবেন, সেই জিনিস বিক্রিরই আপনার অনুমোদন থাকে। আর ওষুধ তো সংবেদনশীল বিষয়, সেক্ষেত্রে আরও সতর্ক থাকা উচিত। তবে বিশ্বের বিভিন্ন দেশে এধরনের প্রবণতা দেখা যায়। একই স্টোরে ওষুধ ছাড়াও প্রয়োজনীয় দ্রব্যাদি থাকে। কিন্তু আমাদের এখানে আমার জানা মতে, এখনও আইনি কোনও পরিবর্তন আনা হয়নি।’
‘ফার্মেসিগুলো সরকারের নিয়ন্ত্রণের বাইরেই তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত’ উল্লেখ করে লাজ ফার্মা-র জেনারেল ম্যানেজার আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব মনিটর করা জরুরি। মনিটরিং এর জন্য কিছু জটিলতায় আমাদেরও পড়তে হয়। ওষুধ বা ফাস্টএইডে যেসব জিনিস দরকার, সেগুলো দোকানে থাকতেই পারে, তাই বলে লিপস্টিক জাতীয় সৌখিন জিনিস রাখা ঠিক না।’ তিনি আরও বলেন, ‘যেহেতু এই কোয়ালিটি মেইনটেইন সম্ভব হচ্ছে না, সেহেতু আইনি পরির্তন আনতে হবে। কোনও না কোনও কাঠামোতে ফেলতে হবে।’


























































