শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায়


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

1480494689
পূর্বাশা ডেস্ক:
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকার। বুধবার ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি ভারতীয় বিশেষ বিমানযোগে কুর্মিটোলায় বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এসে পৌঁছায়।
এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান তাদের অভ্যর্থনা জানান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটির সাথে সফররত ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর উপ-প্রধানগণ যথাক্রমে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুইদেশের বাহিনীসমূহের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী তার বিশেষ প্রতিনিধিদলসহ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে এবং এর পূর্বে তিনি তার সফরসঙ্গীগণসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকের সাথেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
সফররত ভারতীয় প্রতিনিধি দলের সম্মানে ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী মাল্টিপারপাস কমপ্লেক্সে এক নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যার অয়োজন করা হয়েছে।
উচ্চপর্যায়ের ভারতীয় এই প্রতিনিধিদল দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার নিজ দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হচ্ছে।-বাসস।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি