বিনোদন ডেস্কঃ
দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকা অপু বিশ্বাসের কোনো খোঁজ নেই। চলচ্চিত্র সংশ্লিষ্টরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এরপর অপুর বিয়ে, বাচ্চাসহ নানা গুঞ্জন উঠেছে চলচ্চিত্র পাড়ায়।
নতুন খবর হলো তার সবচেয়ে কাছের মানুষ বলে পরিচিত ঢালিউড কিং শাকিব খান সম্প্রতি একটি অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অপু নাকি চমক নিয়ে ফিরবেন।
তবে এবার আরো নতুন খবর দিলেন নির্মাতা জি সরকার। সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা জি সরকার জানান, হুমকির ভয়ে দেশে আসছেন না অপু বিশ্বাস।
জি সরকার পরিচালিত ‘লাভ-২০১৬’ সিনেমার কাজ বাকি রেখেই লাপাত্তা এ অভিনেত্রী। তার অংশের কাজ শেষ করলেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে পারবেন বলেও জানান এ নির্মাতা।
২০১৪ সালে জি সরকারের পরিচালনায় শুরু হয়েছিল ‘লাভ ২০১৪’ সিনেমার শুটিং। নির্মাতার চিন্তা ছিল ওই বছরই ছবিটি মুক্তি দেয়ার। কিন্তু নির্ধারিত সময়ে সিনেমাটির কাজ শেষ না হওয়ায় এর নাম পরিবর্তন করা হয়। নতুন নাম ঠিক করা হয় ‘লাভ ২০১৫’।
নাম পরিবর্তন হলেও ২০১৫ সালেও এর কাজ সম্পন্ন হয়নি। এই সিনেমার কাজ শেষ না হওয়ার জন্য সিনেমাটির নায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের নামে একাধিকবার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন পর আবারো সিনেমাটির তিনদিনের শুটিং হয়েছে কয়েকদিন আগে।
তবে এবারো সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘লাভ-২০১৬’। কিন্তু এখনো এই ছবির কাজ শেষ হয়নি। এদিকে শেষ হতে চলেছে ২০১৬ সালও। তবে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে এই সিনেমার ভাগ্য সেটাই এখন দেখার বিষয়।
এ প্রসঙ্গে জি সরকার বলেন, ‘দুই-তিন দিনের কাজের আশায় বসে আছি। অপু গত মাসে আসবেন বলে আমাকে কথা দিয়েছিলেন। ফোনে তার সঙ্গে কথাও হয়েছে। তারপরো যোগাযোগ করতেছি। সামনা-সামনি তার সঙ্গে কথা বলতে- আগামী মাসে ভারত যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
এত দিন কেন অপু মিডিয়ার অন্তরালে বা দেশের বাইরে রয়েছেন, এ বিষয় আপনাকে কিছু বলেছেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অপু এ বিষয়ে মুখ খুলছেন না। নিরাপত্তার কারণেই দেশে আসছেন না তিনি।’
জি সরকার আরো বলেন, ‘হয়তো তাকে কেউ হুমকি দিয়েছে। আমার কাছে মনে হয়েছে, হুমকির ভয়ে দেশে আসছেন না অপু।’
অপরদিকে, শাকিব খানের কথায় এর আগেও একবার লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন অপু। কিন্তু ছয় মাস পর আবার নতুন লুকে ফিরে এসেছেন তিনি। মানে চমক দিতেই ছিল তার এই আড়াল হওয়া। এবারো হয়তো তাই হবে।
অপুর ভক্তরা বলছেন যদি চমক দেয়াই এই আড়ালের উদ্দেশ্য হয় তাহলে এভাবে নিখোঁজ হওয়া কেন? ২০১২ সালে অপু শুধু বড় পর্দা থেকে আড়াল হয়েছিলেন। লোকচক্ষুর অন্তরালে চলে যাননি। এবার তো তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। এমনকি পরিবারের লোকজনও মুখ খুলছেন না।
অপুর মা বলছেন, ‘আপনারা অপেক্ষায় থাকুন, সময় হলে সব জানতে পারবেন।’ এর বেশি কিছু বলতে চাননি তিনি। পরিবারের এমন রহস্যজনক কথায় অপুর নিখোঁজ হওয়া নিয়ে উৎকণ্ঠা আরো বাড়ছে।
সম্প্রতি একটি সংবাদ প্রকাশ হয়েছে অপুবিশ্বাস নাকি কলকাতায় পুত্র সন্তান জন্ম দিয়েছেন। সন্তান বড় না হওয়া পর্যন্ত নাকি সেখানেই থাকবেন তিনি। তবে শাকিব খান যদি চান তাহলে নাকি খুব শিগগিরই দেশে ফিরে আসবেন।
তবে এবার আর সংবাদে সীমাবদ্ধ নেই, অনলাইনে ছড়িয়ে পড়েছে এই জুটির পুত্র সন্তানের ছবি! সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুর ছবি শেয়ার করে বলা হচ্ছে ‘লাভ ম্যারেজ’ জুটির সন্তান।
শিশুটির মুখচ্ছবি অনেকটা শাকিব খানের মুখের মতো- বলছেন ‘বাংলা চলচ্চিত্র’ বিষয়ক ফেসবুক গ্রুপের সদস্যরা। তাদের অনেকের মন্তব্য- এতো সুন্দর সন্তানকে কেন অস্বীকার করছেন শাকিব খান!
এদিকে অপুর কারণে আটকে আছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’, মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ ও কালাম কায়সার পরিচালিত ‘মা’ শিরোনামের সিনেমার শুটিং। হঠাৎ অপু মিডিয়া থেকে অন্তরালে চলে যাওয়ায় এসব সিনেমার প্রযোজক ও পরিচালক বিপাকে পড়েছেন। প্রযোজকে পড়তে হয়েছে আর্থিক ক্ষতির মুখে।
তবে এসব সিনেমার মধ্যে কালাম কায়সারের ‘মা’ সিনেমার গল্প পরিবর্তন করে অপুর স্থানে নতুন নায়িকা নিয়ে সিনেমাটির কাজ শেষ করবেন বলে জানা যায়।
উল্লেখ্য, অপু বিশ্বাস ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। এরপর এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হয়। এর পর ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’ প্রভৃতি সুপারহিট সিনেমায় অভিনয় করেন এই নায়িকা।


























































