পূর্বাশা ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নাদা’ বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা নেই। এটি আগামীকাল শুক্রবার সকাল নাগাদ ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ বৃহস্পতিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘নাদা’ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
এটি বৃহস্পতিবার ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৪০কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় ‘নাদা’র কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ।
ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, তামিল নাড়ুর বেদারানায়াম ও পুদুচেরির মাঝামাঝি কুদালোর এলাকা দিয়ে শুক্রবার উপকূল অতিক্রম করতে পারে নাদা।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলজুড়ে মাঝারি থেকে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নাদা এগিয়ে যাওয়ায় তামিল নাড়ু ও পুদুচেরির বিভিন্ন স্থানে দুই দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে স্কুলে। পুদুচেরির মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।























































