ডেস্ক রিপোর্টঃ
শেষদিকে এসে ছন্দ খুঁজে পাওয়া কুমিল্লার শিকার এবার খুলনা টাইটান্স! মারলন স্যামুয়েলসের ৬৯ রানের অপরাজিত ইনিংসে ১৪২ রানের লক্ষ্যটা ৫ উইকেট ও ৮বল হাতে রেখেই টপকে গেছে কুমিল্লা। টানা তিন হারে খুলনার প্লে-অফ নিশ্চিতের অপেক্ষা বাড়লো।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চতুর্থ আসরের ৩৭তম ম্যাচে টস জিতে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। ফলে মাশরাফির কুমিল্লার টার্গেট দাড়ায় ১৪২ রান। খুলনার হয়ে অপরাজিত ৪০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। কুমিল্লার হয়ে মাশরাফি বিন মর্তুজা নেন তিনটি উইকেট। রশিদ খান, মোহাম্মদ সাইফুদ্দিন ও মোহাম্মদ শরিফ নেন একটি করে উইকেট।
শুক্রবার মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মাহমুউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের দেওয়া ১৪২ রানের টার্গেটে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৬৯ রানে অপরাজিত থাকেন মারলন স্যামুয়েলস। খুলনার হয়ে বেনি হাওয়েল দুটি উইকেট। এছাড়া দলের হয়ে মোশাররফ হোসেন রুবেল, জুনাইদ খান, শফিউল ইসলাম নেন একটি করে উইকেট।
এবারের আসরে ধুঁকতে থাকা কুমিল্লা দেরিতে হলেও শেষদিকে এসে ছন্দ খুঁজে পেয়েছে। শেষ চারের আশা শেষ হয়ে গেলেও টানা তিন জয়ে তারা অন্য দলগুলোর জন্য হুমকি!
অন্যদিকে, টানা পাঁচ জয়ে উড়ছে চিটাগং। গত ২৯ নভেম্বর তামিমদের কাছে পাঁচ উইকেটে হেরে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পায় খুলনা। দুর্দান্ত গতিতে ছুটছে ঢাকা। দু’দিন আগে রংপুর রাইডার্সকে ৪২ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নেয় শিরোপার অন্যতম দাবিদার।
সাত দলের পয়েন্ট টেবিলে ১০ ম্যাচ শেষে শীর্ষে থাকা ঢাকার সংগ্রহ সাত জয় ও তিন হারে ১৪। দুই পয়েন্ট করে পিছিয়ে যথাক্রমে দুইয়ে চিটাগং ও তৃতীয় স্থানে খুলনা। আট পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে কুমিল্লা। ১০ পয়েন্ট নিয়ে পাঁচে রংপুর। সমান পয়েন্টে নেট রান রেটে এগিয়ে থাকায় চার নম্বরে এক ম্যাচ বেশি খেলা রাজশাহী। ১১ ম্যাচে মাত্র চার জয়ে সবার নিচের অবস্থান করছে মুশফিকের বরিশাল বুলস।
কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস, আহমেদ শেহজাদ, মারলন স্যামুয়েলস, খালিদ লতিফ, রশিদ খান, নাবিল সামাদ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফুদ্দিন, লিটন দাস (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শরিফ।
খুলনা একাদশ: রিকি ওয়েসেলস, মোহাম্মদ হাসানুজ্জামান, আব্দুল মজিদ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মোশাররফ হোসেন রুবেল, জুনাইদ খান, শফিউল ইসলাম, বেনি হাওয়েল।

























































