ডেস্ক রিপোর্টঃ
চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারালো রাজশাহী কিংস। জেমস ফ্রাঙ্কলিন এর অপরাজিত ৬৩ রানের উপর ভর করে ৩৭ বল বাকি থাকতে জয় তুলে নেয় ড্যারেন স্যামি বাহিনী। এর আগে পাঁচ উইকেট নিয়ে চিটাগংয়ের ইনিংসকে বড় হতে দেননি অভিষেকে বিষ্ময় স্পিনার আফিফ হোসেন। এ ম্যাচ জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিনে চলে এলো রাজশাহী। তবে হারলেও দ্বিতীয় অবস্থানেই রয়েছে চিটাগং।
প্রথমে ব্যাট করে চিটাগং নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১১ রান করে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় সপ্তম ওভারে ১২ রান করা নুরুল হাসান সোহানকে বোল্ড করে ফেরান সাকলাইন সজীব। মুমিনুল হককে (২১) বোল্ড করে নিজের দ্বিতীয় শিকার বানান সাকলাইন সজীব। দলীয় ১১তম ওভারে ৮ রান করা সাব্বির রহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন ইমরান। রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামিকে ব্যক্তিগত ৩ রানে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন ইমরান খান। তবে মাত্র ২৭ বলে পাঁচ চার ও চারটি ছয়ে ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ফ্রাঙ্কলিন।
এর আগে রাজশাহীর বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১১ রান করে তামিম ইকবাল বাহিনী। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। আর রাজশাহীর আফিফ নেন পাঁচ উইকেট।
ইনিংসের প্রথম বলেই রাজশাহী বোলার কেসরিক উইরিয়ামসের বলে বোল্ড হন তামিম (০)। পরের ওভারে আনামুল হককে (৮) আউট করেন মেহেদি হাসান মিরাজ। আফিফ চিটাগংয়ের তৃতীয় উইকেট তুলে নেন। তিনি ১৩ রানে থাকা জহুরুল ইসলামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন। ব্যাটিং দানব গেইলকে (৫) নিজের পরের ওভারে বোল্ড করেন তরুণ স্পিনার আফিফ। জাকির হাসানকে (৩) নিজের তৃতীয় শিকার বানান আফিফ হোসেন। সাব্বির রহমানকে ক্যাচ দিয়ে ফেরেন জাকির। মোহাম্মদ নবীকে (১২) আউট করেন নামজুল ইসলাম। তবে এর পরেই সাকলাইন সজীব ও ইমরান খানকে আউট করে অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে জাদু দেখান আফিফ। ব্যাক্তিগত ২ রানে তাসকিনকে ফেরান উলিয়ামস।শোয়েব মালিক অবশ্য এদিন চিটাগংয়ের ইনিংস একাই সামলান। ৫৪ বলে ছয় চার ও তিন ছয়ে ৬৭ রান করেন তিনি। তবে আলো কেড়ে নেন রাজশাহীর আফিফ। চার ওভারে এক মেডেন সহ ২১ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন যুব দলের এ সহ-অধিনায়ক।

























































