ডেস্ক রিপোর্টঃ
প্রিমিয়ার লিগে চেলসি-ম্যানচেস্টার সিটি ম্যাচে চেলসির জয় হয়েছে। ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি ।
দ্বিতীয়ার্ধেও শুরুতে দুবার সিটি সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। প্রথমে আগুয়েরোর শট ফিরিয়ে দেন চেলসি গোলরক্ষক কোর্তোয়া। এরপর ডি ব্রুইনের মিসটা তো অবাক করার মতো, তিন গজ দূর থেকে খালি পোস্ট পেয়েও সিটির বেলজিয়ান মিডফিল্ডার বল মারের বারের ওপর দিয়ে। সেটিই যেন হলো কাল। ৬০ মিনিটে চেলসিকে সমতায় ফেরান ডিয়েগো কস্তা। মাঝমাঠ থেকে ফ্যাব্রিগাসের ভেসে আসা বলটি দুর্দান্ত দক্ষতায় বুক দিয়ে নামালেন, এরপর হ্যান্ডবলের আবেদনে ব্যস্ত ওটামেন্ডিকে পাশ কাটিয়ে বল জড়িয়ে দিলেন পোস্টে।
সেই থেকেই যেন সিটির পথ হারানোর শুরু। ৭০ মিনিটে আবারও প্রতিআক্রমণে কুপোকাত। গুন্ডোয়ান বল নিয়ে সিটির বক্সে ঢুকে গিয়েছিলেন, সেটি ঠেকিয়ে দিয়েই চেলসির তিন পাসের দুর্দান্ত প্রতি আক্রমণ। কস্তা হয়ে বল এল একটু আগেই পেদ্রোর বদলি নামা উইলিয়ানের কাছে। বলটা পোস্টে জড়িয়ে দিতে কোনো সমস্যাই হলো না ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। কস্তা ও উইলিয়ান, দুজনের উদযাপনেই মিশে থাকল বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করা ব্রাজিলিয়ান দল শাপেকোয়েন্সের ফুটবলাররা। গোল করে দুজনই বাহুতে রাখা কালো আর্মব্যান্ডটি উঁচু করে ধরেন, যাতে লেখা শাপেকোয়েন্স।
শেষ ধাক্কাটা গার্দিওলার দল খেল ম্যাচের ৯০ মিনিটে। আবারও প্রতিআক্রমণে। ডিফেন্স থেকে মার্কোস আলোনসোর লম্বা বল পেয়ে এক দৌড়ে সিটি বক্সে ঢুকে যান হ্যাজার্ড। এরপরের দৃশ্যটা এবার প্রিমিয়ার লিগে অনেক পরিচিত, হ্যাজার্ডের শট জড়িয়ে যাচ্ছে জালে।

























































