শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খালেদার প্রস্তাবে রাজনীতিতে চমৎকার সুযোগ ফিরে এসেছে: নজরুল ইসলাম


খালেদার প্রস্তাবে রাজনীতিতে চমৎকার সুযোগ ফিরে এসেছে: নজরুল ইসলাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৬

225636nazrul_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব দেশের রাজনীতিতে চমৎকার সুযোগ এনে দিয়েছে। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভয়েস অব ডেমোক্রেসি (ভিওডি) আয়োজিত ‘গ্রহণযোগ্য নির্বাচন ও বেগম খালেদা জিয়ার প্রস্তাবাবলী’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার প্রস্তাব সরকার গ্রহণ করল না। তারা নিজেদের মতো করে আবারো নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়। জনগণ এ  স্বপ্ন পূরণ হতে দেবে না। তাই এই প্রস্তাব নিয়ে আলোচনায় বসুন। এই প্রস্তাবে রাজনীতিতে চমৎকার সুযোগ ফিরে এসেছে। ‘

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন অন্তঃসারশূন্য। তারপর বিভিন্ন আলোচনা সভায় তিনি বলেছেন, যদি এত ভালো প্রস্তাব হয়ে থাকে তাহলে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা, গাছ কাটার সময় কোথায় ছিল। এর মধ্যে দিয়ে তিনি নিজেই স্বীকার করেছেন খালেদার প্রস্তাবটি ভালো। ‘

নজরুল বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন অথর্ব, মেরুদণ্ডহীন। এমন নির্বাচন কমিশন দিয়ে কখনও সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটি নির্বাচনে কারচুপি হয়েছে। কোনো নির্বাচন সুষ্ঠু, অবাধ হয়নি। ‘

প্রত্যেকটি নির্বাচনে নির্বাচন কমিশন সরকারি দলের ‘বিজয়ের বাহন’ হিসেবে কাজ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান রিন্টু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, বিএনপি নেতা খালেদা ইয়াসমিন, নিপুন রায় চৌধুরী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি