সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কলকাতার অনুপম রায়ের সঙ্গে বাংলাদেশের বুশরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

131517anupom_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

দূরবীনে চোখ রাখবো না’, ‘বেঁচে থাকার গান’, ‘জানি দেখা হবে’, ‘এখন অনেক রাত’- এ রকম অসংখ্য জনপ্রিয় গানের জনক কলকাতার গায়ক-সংগীত পরিচালক অনুপম রায়। বাংলাদেশেও দারুণ জনপ্রিয় তিনি।

তার সংগীতায়োজনে গেয়েছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার। ‘তোমাকে ভালোবেসে’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও ইতিমধ্যে ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সাড়া ফেলেছে। বাংলাদেশে গানটির অডিও-ভিডিও প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল লিমিটেড।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাওয়া বুশরার মিউজিক ভিডিওটি প্রথম চার দিনেই ৫০ হাজার দর্শক দেখেছেন। শুধু তাই নয়, প্রথম কোনো বাংলাদেশি কণ্ঠশিল্পীর মিউজিক ভিডিও কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সংগীতবাংলা প্রচার করছে। পাশাপাশি প্রথমবারের মতো অনুপম রায় বাংলাদেশি শিল্পীর কথা ও সুরে সংগীত পরিচালনা ও ভিডিওচিত্রে অভিনয় করলেন। মিউজিক ভিডিওটি তৈরি করেছেন কলকাতার ঋক বসু। মডেল হয়েছেন অভিজিৎ ভট্টাচার্য ও দ্বীপশ্বেতা মিত্র।

‘তোমায় ভালোবেসে’ গানের শিল্পী বুশরা বলেন, ”কলকাতার সিনেমায় প্লেব্যাক করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম। সে সময় শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের একজন উর্ধ্বতন কর্মকর্তা প্লেব্যাক করার আগে একটি মিউজিক ভিডিও এর মাধ্যমে কলকাতার গানের জগতে প্রবেশ করার পরামর্শ দিলেন। তখন অনেকটা নাটকীয়ভাবেই অনুপম দাদার সাথে পরিচয় হয়। এর মধ্য দিয়ে আমার স্বপ্ন বাস্তবে রূপ নিল। “

বুশরা আরও বলেন, “অনুপম দাদা অসম্ভব গুণী একজন মানুষ। গান রেকর্ডিং এর শুরুতে একটু ভয় হচ্ছিল। কিন্তু দাদা খুব তাড়াতাড়ি তাঁর কথার জাদু দিয়ে আমাকে স্বাভাবিক করে নেন। “

পেশাগত জীবনে বুশরা শাহরিয়ার একজন স্থপতি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতাও করছেন। পাশাপাশি একটি বেসরকারি চ্যানেলে নিয়মিত সংবাদ পাঠ করে থাকেন।

তরুণ শিল্পী বুশরা বলেন, “আমি ভালো থাকার জন্য গান শুনি, আর মানুষকে ভালোলাগার অনুভূতি দেওয়ার জন্য গান শোনাই। তাই যতদিন দর্শক আমার গান ভালোবাসবেন, আমি গেয়ে যাব। “

এর আগে বুশরার বাপ্পা মজুমদারের সঙ্গে ‘বিজয়ের গান’ ও এস আই টুটুলের সঙ্গে গাওয়া ‘ভালোবাসি তোমায়’ গানগুলোও দর্শকদের কাছে সমাদৃত হয়েছে।

বাংলাঢোলের ব্যানারে ‘তোমাকে ভালোবসে’ শিরোনামে বুশরার গানটি ৪৬৪৬৫ নম্বরে শুনতে পাচ্ছেন রবি ফোন ব্যবহারকারীরা। বাংলাদেশে কয়েকদিন পর ‘তোমাকে ভালোবেসে’ গানের ভিডিওটি প্রকাশ করবে রবি স্ক্রিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি