মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার টানা তৃতীয় জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৬

093214mash_kalerkantho_pic
পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে হারতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স তুলে নিলো টানা তৃতীয় জয়। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৮ রানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ইমরুল কায়েসের ৫২ রানের উপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে গতবারের চ্যাম্পিয়নরা। জবাবে ব্যাট করতে নেমে ১৬২ রানে থামে রংপুরের ইনিংস।
ওপেনার মোহাম্মদ শাহজাদের ৪৫ ও শহীদ আফ্রিদির ঝড়ো ৩৮ রানের ইনিংসের কারণে জয়ের কাছাকাছি পৌছে যায় রংপুর। শেষদিকে জিয়াউর রহমানের অপরাজিত ৩৮ রানের কল্যাণে ১৬২ রান করতে পারে রংপুর। কিন্তু কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত জয় অধরাই থেকে যায় রংপুরের।
রশিদ খান তিনটি উইকেট নেন।
এর আগে ব্যাট হাতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইমরুল কায়েস ও পাকিস্তানের খালিদ লতিফ। ৬২ বলে ৮৮ রানের জুটি গড়েন তারা। দলের বড় স্কোরের পথ তৈরি করার পথে এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদও পান ইমরুল।
তবে হাফ-সেঞ্চুরির পর ৫২ রানেই থেমে যান ইমরুল। ৩৫ বলে ৭টি চার ও ২টি ছক্কা হাকাঁন তিনি। আরেক ওপেনার খালিদ লতিফ করেন ৪৩ রান। তার ৩৬ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কার মার ছিলো।
দলীয় ১০৭ রানে দুই ওপেনারের বিদায়ের পর দলের স্কোরকে মজবুত করেছেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, পাকিস্তানের আসার জাইদি ও আফগানিস্তানের রশিদ খান। স্যামুয়েলসের ২৪ বলে ৩০, জাইদির ১১ বলে ১৭ ও রশিদের ৪ বলে ১১ রানে বড় স্কোরই পায় কুমিল্লা। রংপুরের পক্ষে ২টি করে উইকেট নেন আরাফাত সানি ও রুবেল হোসেন।
এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে কুমিল্লা। অন্যদিকে হারলেও প্লেঅফের লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি