পূর্বাশা ডেস্ক রিপোর্ট:
ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে কোন রেস্টুরেন্ট বা অভিজাত কোন হোটেলে খেতে গেছেন। খাবার আসার পর সার্ভ করার সময় আপনার মোবাইল ফোন স্বয়ংক্রিয় ভাবে জানিয়ে দিলো যে খাবারের মান ভালো না। কিংবা ধরুন আপনার বাসায় অসুস্থ কেউ একজন আছেন, আপনি হয়ত ঘরের কোন কাজে ব্যস্ত এমন সময় আপনার ফোনটি অসুস্থ রোগীটির অবস্থা আপনাকে জানিয়ে দিল। কেমন লাগবে সেই সময়ে? অবাক হবেন না?
হ্যাঁ, খুব নিকট ভবিষ্যতে প্রযুক্তি এতটাই উন্নত হতে চলেছে। ফিনল্যান্ডের ভিটিটি টেকনিক্যাল রিসার্চ সেন্টারের একদল বিজ্ঞানী বিশ্বের প্রথম হাইপারস্পেক্ট্রাল মোবাইল ডিভাইস তৈরি করেছে যা ব্যবহারকারীর চারপাশের পরিবেশ বুঝতে পারবে। পাশাপাশি অন্যান্য কিছু বিষয় যেমন খাবারের মান পর্যবেক্ষন বা স্বাস্থ্যের তদারকিও করবে।
একটি আইফোনে ক্যামেরার স্থানে একটি অপটিক্যাল সেন্সর বসিয়ে এই ডিভাইসটি বানানো হয়েছে। এর ফলে সম্ভাবনার নতুন দিক আবিষ্কার হল এবং এটি খুব কম খরচে গ্রাহককে সেবা দান করবে।
এই হাইপারস্পেক্ট্রাল ক্যামেরা গুলো সাধারণত খুব দামী হওয়ায় মেডিক্যাল, মহাকাশ এবং পরিবেশ পর্যবেক্ষনের কাজ ছাড়া ব্যবহৃত হয়না। নতুন এই আবিষ্কারের ফলে এখন আপনি আপনার গাড়িতে বসেও বা ড্রোন দিয়েও পরিবেশ পর্যবেক্ষন করতে পারবেন। হাইপারস্পেক্ট্রাল ক্যামেরার সেন্সর গুলো ইন্টারনেটের সাথে সরাসরি সংযুক্ত থাকে।
প্রধান গবেষক আন্না রিসানেন বলেন, “গ্রাহকের সুবিধার কথা চিন্তা করে এতে কিছু হেলথ এপ্লিকেশন যোগ করা হয়েছে যা গ্রাহককে তার খাবার সম্পর্কে তথ্য জানিয়ে দিবে। এছাড়াও এটি কোন পণ্যের সত্যতা যাচাই করতে সক্ষম অথবা বায়মেট্রিক তথ্যের উপর ভিত্তি করে কারো পরিচয় বের করতে পারে।”
চালকবিহীন গাড়ি এই ডিভাইসের সাহায্যে গাড়ির আশেপাশের পরিবেশ বুঝতে পারে, বলে জানিয়েছেন তিনি।
ইতিমধ্যে ভিটিটি এই নতুন হাইপারস্পেক্ট্রাল ক্যামেরার জন্য নতুন নতুন এপ্লিকেশন বানিয়ে ফেলেছে। যেগুলো দিয়ে ত্বকের ক্যান্সারের চিকিৎসা, ন্যানোস্যাটেলাইট এর উপর ভিত্তি করে পরিবেশ পর্যবেক্ষণ, ড্রোনের সাহায্যে কৃষিজমির তদারকি করা সম্ভব।

























































