ডেস্ক রিপোর্ট :
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে নানা অপরাধে জড়িত হয়ে ৯ হাজার ৯৬৭ জন বাংলাদেশী কারাগারে রয়েছেন। সোমবার সংসদে বগুড়া-০৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টার পর অধিবেশন শুরু হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বশেষ তথ্যানুযায়ী বিভিন্ন দেশে অপরাধের সাথে জড়িত হয়ে আটকাধীন ও বিচারাধীন বাংলাদেশীর সংখ্যা ৯ হাজার ৯৬৭ জন। এর মধ্যে মালয়েশিয়ায় ২ হাজার ৪৬৯ জন, সংযুক্ত আরব আমিরাতে এক হাজার ৯৮ জন, ভারতে ২ হাজার ৬৯৭ জন, সৌদি আরবে ৭০৩ জন, যুক্তরাজ্যে ২১৮ জন এবং মিয়ানমারে ৫৭ জন উল্লেখযোগ্য।
মাহমুদ আলী বলেন, আটককৃত বাংলাদেশী নাগরিকরা যাতে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তি লাভ করতে পারে সেজন্য সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় আইনি সহায়তাসহ অন্যান্য আনুষাঙ্গিক সহযোগিতা প্রদান করে থাকে। দূতাবাস মুক্তিপ্রাপ্ত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ট্রাভেল পারমিট প্রদান করে থাকে।


























































