শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খালেদার প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির সাথে বিএনপির সাক্ষাৎ


খালেদার প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির সাথে বিএনপির সাক্ষাৎ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৬

bongovobon-bnp
পূর্বাশা ডেস্ক:

নির্বাচন কমিশন পুর্নগঠন নিয়ে খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব নিয়ে দলটির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের কাছে।

মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব রাষ্ট্রপতিকে দেয়া হবে বলে জানিয়েছেন দলের সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন। এর আগে বিএনপির পক্ষ থেকে এ প্রস্তাব রাষ্ট্রপতিকে দেয়ার জন্য প্রথমে টেলিফোনে এবং পরে চিঠির মাধ্যমে বঙ্গভবনের কাছে সময় চাওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১১ টায় বিএনপিকে সময় দিয়েছেন রাষ্ট্রপতি।

এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, আমরা ইসি পুনর্গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে রূপরেখা দিয়েছেন তা অবহিত করতে রাষ্ট্রপতির হাতে তুলে দেব।

এর আগে শনিবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে দেয়া প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ইসি গঠনে রাষ্ট্রপতিই পদক্ষেপ নেবেন।

রাষ্ট্রপতির এ সাক্ষাতের মধ্যদিয়ে ইসি পুর্নগঠন নিয়ে আলোচনা আভাস পাওয়া যাচ্ছে বলে অনেকেই মনে করছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে ১৮ই নভেম্বর সংবাদ সম্মেলনে ১৩ দফা প্রস্তাব পেশ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উত্থাপিত এক রূপরেখায় তিনি বলেন- নতুন কমিশন নিয়োগের সব দলের ঐকমত্যে বাছাই কমিটি করবেন রাষ্ট্রপতি আর বাছাই কমিটির কাছে নাম দেবে দলগুলো।

বিএনপির প্রস্তাব উপেক্ষা করে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের প্রস্তুতি নিলে জনগণ তা মেনে নেবে না বলে মনে করেন এই বিএনপি নেতারা। পাশাপাশি বর্তমান সরকারের অধীনে বিএনপি কিছুতেই নির্বাচনে অংশ নেবে না বলেও জানান তারা। নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপি প্রস্তাবনা দেবে বলেও জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি