ডেস্ক রিপোর্ট ঃ
অতিরিক্ত মদ্যপানের ফলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যু হয়। গুলশান-২ এর হোটেল সামদাদোর একটি সূত্র জানিয়েছে, সোমবার রাতে শাকিল সেখানে উঠেন। প্রায়ই তিনি ওই হোটেলে সন্ধ্যায় বা রাতে সময় কাটাতেন তার পরিচিতদের সাথে। সোমবারও কয়েকজনকে সাথে নিয়ে সেখানে আসেন। সন্ধ্যার পর থেকে হোটেলের একাধিক কর্মচারি তার রুমে সার্ভিসে নিয়োজিত ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী জানান, গভীর রাত পর্যন্ত তিনি সজাগ ছিলেন। এসময় তাকে বিভন্ন ধরনের পানীয় সার্ভ করেন ওই কর্মচারি। মধ্যরাতের পর তার রুমে আর কেউ যায়নি।
এরপর মঙ্গলবার দুপুর পর্যন্ত রুমের দরজা না খোলায় সন্দেহ হয় হোটেল কর্মচারিদের। তারা খবর দেয় কর্তৃপক্ষকে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর হোটেল থেকে ৭জন কর্মকর্তা কর্মচারীকে আটক করেছে পুলিশ। এরা সোমবার রাতে শাকিলকে সার্ভ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ছিলেন। তাদের এক সহকর্মীর ধারণা, অভ্যাসবশত বা হতাশায় অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু হতে পারে।
ওই হোটেল কর্মচারী বলেন, “তাকে সব সময়ই আমরা এখানে দেখেছি। কিন্তু গতকাল মনে হয়েছে তিনি অতটা হাসিখুশি না, যতটা সাধারণত থাকেন।”
ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, রাতে তার মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাযা হবে।
শাকিল অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।
১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন শাকিল। পেশায় আইনজীবী তার বাবা ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি। আর মা পেশায় শিক্ষক।
শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন। তিনি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রয়াত শাকিল এবং তার আইনজীবী স্ত্রীর সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।























































