শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার বাংলাদেশের বিচারকদের প্রশিক্ষণ দিবে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৬

263943_1

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের নিম্ন আদালতে কর্মরত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছে ভারত সরকার। এ বিষয়ে শিগগিরই পৃথক দুটি সমঝোতা স্মারক সই হবে।

বাংলাদেশের সুপ্রিম কোর্টের উদ্যোগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য এ প্রশিক্ষণের পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশের নিম্ন আদালতে বর্তমানে প্রায় দেড় হাজার বিচারক দায়িত্ব পালন করছেন। এসব বিচারকের প্রশিক্ষণের জন্য বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (জেএটিআই) রয়েছে একটি। এখানে একবার প্রশিক্ষণ নেওয়ার পর পরবর্তী প্রশিক্ষণ নিতে পাঁচ বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়। এ অবস্থায় বিদেশে প্রশিক্ষণের জন্য বিদেশি দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে রেজিস্ট্রার জেনারেল দপ্তরকে নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। এরপর রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণের অনুরোধসংবলিত একটি ধারণাপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠান।

ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে এটি পাঠানো হয়। এটা পাওয়ার পর ভারত সরকার বাংলাদেশের বিচারকদের প্রশিক্ষণ দিতে সম্মতি জানিয়েছে। এরই অংশ হিসেবে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে একটি চিঠি দিয়েছে। এতে ভারতের কেন্দ্রীয় সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের একটি সমঝোতা স্মারক সই এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পৃথক একটি সমঝোতা স্মারক সই প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। ভারতের পক্ষ থেকে সাড়া পাওয়ার পর সুপ্রিম কোর্ট প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, একটি দক্ষ ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য প্রধান বিচারপতির নির্দেশে বিদেশে এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ভারত সরকার এতে সম্মতি জানিয়েছে। এতে নিম্ন আদালতে কর্মরত সব বিচার বিভাগীয় কর্মকর্তা ধাপে ধাপে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিবছর ১০টি ব্যাচে দুই সপ্তাহ করে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ব্যাচে ৩০ জন করে বিচার বিভাগীয় কর্মকর্তা অংশ নেবেন।

হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার বেগম হোসনে আরা আকতার বলেন, কেবল ভারতই নয়, অন্যান্য দেশের জুডিশিয়াল একাডেমির সঙ্গেও আলোচনা চলছে। প্রধান বিচারপতির নির্দেশে সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডসেও প্রশিক্ষণের বিষয়টি প্রক্রিয়াধীন।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) মো. সাব্বির ফয়েজ বলেন, ‘ভারতে প্রচলিত প্রধান প্রধান আইনগুলোর সঙ্গে আমাদের দেশে প্রচলিত প্রধান প্রধান আইনগুলোর পার্থক্য সামান্য। আমাদের সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলার রায়ে নজির হিসেবে প্রায়ই ভারতের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত উদ্ধৃত করে থাকেন। এ বিষয়টি মাথায় রেখেই বিচারকদের ভারতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি