রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নিজের জীবন দিয়ে প্রতিবন্ধির জীবন বাঁচালেন যুবক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৬

city-pipe-6-12-16
ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
জীবন জীবনের জন্য। মানুষ মানুষের জন্য। এ বাণী আবারো সত্য প্রমাণ করলেন রাজু আহমেদ রাজু (২৬) নামের এক যুবক নিজের জীবন দিয়ে প্রাণ বাচাঁলেন এক প্রতিবন্ধির। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দেয়া যুবককে নিয়ে যতটা না দু:খ ছড়িয়েছে এর চেয়ে বেশী আলোচনায় আসছে নিহত যুবকের মানবিকতার বিষয়টি। বর্তমান সমাজে মানবতা-মানবিকতা প্রায় বিলীন, এমনটি অনেকেই ধারণা করলেও প্রকৃত পক্ষে মানবতা অনেকটাই বিলীন হয়নি। এমনটিই জানান দিয়ে গেলেন নিহত রাজু।
মঙ্গলবার (৬ ডিসেম্বর), দুপুর ১টা। জেলার সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া এলাকার অধিবাসী সেনা সদস্য জালাল উদ্দিন ভূইয়ার পুত্র রাজু আহম্মেদ রাজু মোটরসাইকেল চালিয়ে নগরীর সার্কিট হাউজ রোডে আসছিলেন। এ সময় কুমিল্লা নগরীর মোগলটুলীর অধিবাসী খোকন (২২) নামের এক প্রতিবন্ধি যুবক ঈদগাহ মাঠ সংলগ্ন পৌর সড়কের এপাড় থেকে ওই পাড়ে দৌড় দেয়। খোকনকে মোটরসাইকেল চাপা থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলের। মোটরসাইকেলসহ রাজু ছিটকে গিয়ে পড়েন সড়কের পাশে। যেখানে রাখা ছিল কুমিল্লা সিটি কর্পোরেশনের বিলবোর্ডের বড় বড় লোহার পাইপ। পাইপের কাটা মাথায় গিয়ে পড়েন রাজু। রাজুর গলার শ্বাসনালী কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়।
ঘটনাস্থলের পাশেই ছিল মাইক্রোবাস স্ট্যান্ড। অলস সময় কাটানো মাইক্রো চালকরা সিনেমার দৃশ্যের মতোই তা’ অবলোকন করেনি। দৌড়ে গিয়ে আহত রাজুকে উদ্ধার করে নিয়ে যান নগরীর কুমিল্লা টাওয়ার হাসপাতালে। রাজুর অবস্থা আশংকাজনক দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পথে রাজুর মৃত্যু হয়।
যুবক রাজুর মৃত্যুর ঘটনায় নগরী জুড়ে বেশ আলোচনার সৃষ্টি করেছে। প্রতিবন্ধি যুবক খোকন হয়তো বুঝতে সক্ষম হবে না তাঁর নবজীবনের রহস্য। আঁচ করতে পারবে না ‘মানুষ মানুষের জন্য’ কিংবা ‘জীবন জীবনের জন্য’ এর প্রতিপাদ্য বিষয়টি। একজন খোকন ছাড়া অন্য সকলেই রাজুর প্রাণদানকে খাটো করে দেখছেন না। বর্তমান সমাজের প্রতিটি মানুষই যেনো রাজুর মতো নিবেদিত হয় এমনটিই কামনা করছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা।
সমালোচনাও চলছে কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ড নিয়ে। বাণিজ্যটা ভালো জানলেও নাগরিক-পথচারির নিরাপত্তায় নূন্যতম কোন কান্ডজ্ঞান নেই সংশ্লিষ্টদের। না হয় যত্রতত্র এসব লোহার পাইপ পথের ধারে ফেলে রাখতে পারেন না কেউ, এমনটি বলছেন ক্ষুব্ধ নগরবাসি।
এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাউদ্দিন জানান, এ দুঘর্টনার বিষয়ে এখনো অবহিত হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি