শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অসচেতনতায় দেশীয় ফল বিলুপ্তির পথে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৬

fruits
পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, মাত্র দুই দশকের ব্যবধানে দেশ থেকে অর্ধশতাধিকেরও বেশি দেশি ফল বিলুপ্তির হুমকিতে পড়েছে। এতে দেশি ফলের স্বাদ-পুষ্টিগুণ ও বৈচিত্র্য থেকে বঞ্চিত হচ্ছেন দেশবাসী। তারা মনে করেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ এবং কৃষি বিভাগের কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাই এর কারণ।

গবেষকদের দাবি, জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধিতে বাড়িঘর নির্মাণে নির্বিচারে ফল গাছ কাটা, অপরিকল্পিত শিল্পায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলেই দেশি ফল হারিয়ে যাচ্ছে। এছাড়া বিদেশি ফলের আমদানিও দেশি ফলের উৎপাদন হ্রাস ও বিলুপ্তির জন্য অনেকখানি দায়ী বলে অভিমত তাদের।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, বর্তমানে ফলের বাজারের ৮০ শতাংশই দখলে রেখেছে আমদানি করা ফল। এসব কেমিক্যাল মেশানো ফল খেয়ে স্বাস্থ্যঝুঁকি যেমন বাড়ছে, তেমনই তৈরি হচ্ছে পুষ্টিঘাটতি জনিত সমস্যা। ঝুঁকি বাড়ছে ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও।

অথচ বাংলাদেশের আবহাওয়া ও ভূপ্রকৃতি ফল উৎপাদনে বিশেষভাবে সহায়ক। রোপণ না করা সত্ত্বেও প্রাকৃতিকভাবে জন্মানো ফলের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণ- এই চার মাসেই পাওয়া যায় শতকরা ৫৪ শতাংশ দেশি ফল। আর বছরের আট মাসে পাওয়া যায় ৪৬ শতাংশ।

কৃষিবিদদের মতে, কৃষিপ্রধান ও উর্বর মাটির এই দেশের গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের ফলগাছের সংখ্যা ছিল শতাধিক। তবে নানা কারণে গত দুই দশকের ব্যবধানে এ সংখ্যা নেমে এসেছে অর্ধশতকে।

কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, বর্তমানে দেশে প্রধান ও অপ্রধান মিলিয়ে দেশি ফলের সংখ্যা প্রায় ৬০-৭০টি। এগুলোর মধ্যে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, গোলাপজাম, নারিকেল, কুল, তৈকর, বীচিকলা, বিলিম্বি, বেতফল, লেবু, আমলকি, সফেদা, আতা, শরিফা, আনাজি কলা, ডালিম, জাম্বুরা, সুপারি, বাঙ্গি, খরমুজ, বকুল, বেল, কামরাঙ্গা, জলপাই, চালতা, ডেউয়া, পেঁপে, তেঁতুল, তাল, বেল, গাব, পানিফল, কদবেল, আনারস, খেজুর, জামরুল, কলা, লটকন, আনার, আমড়া, কমলা, অরবরই, সাতকড়া, লুকলুকি, তরমুজ, চুকুর, প্যাসনফল, আঁশফল, মাখনা, আধাজামির, পীচফল, ফসলা, জগডুমুর, কাজুবাদাম, ডুমুর, কাউফল, করমচা, পানিওয়ালা, জামির, বৈচি, মুনিয়া, ডেফল, চাম্বুল উল্লেখযোগ্য।

এসবের মধ্যে কাউফল, করমচা, ডেউয়া, আশফল, গাব, জগডুমুর, চাম্বুল, আতাফল, ডুমুর, চালতা, অরবরই, বিলিম্বি, শরিফা, সাতকরা, তৈকর, ডেফল, লুকলুকি, বৈচি, মুনিয়া কোনো রকমে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে।

দেশের বিশাল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও খাদ্য নিরাপত্তা অক্ষুন্ন রাখতে দেশি ফলের উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন কৃষিবিদরা। সেজন্য কৃষি সম্প্রসারণ বিভাগকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ওপরও জোর দেন তারা।

কৃষিবিদরা বলেন, বেসরকারি উদ্যোগের পাশাপাশি কৃষি বিভাগকেও দেশীয় ফলের উৎপাদন ও সম্প্রসারণে আরো অগ্রাধিকার দিতে হবে। তারা এটাও মনে করেন, হাইভ্যালু ক্রপসের দিকে ধাবিত হওয়া ফল উৎপাদনের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলেছে।

কৃষিবিদদের পরামর্শ, দেশীয় ফল টিকিয়ে রাখতে দেশের ৭৩টি হর্টিকালচার সেন্টারকে আরো বেশি ভূমিকা পালন করতে হবে। এসব সেন্টারগুলোকে দেশি ফলের উন্নত জাতের মাতৃবাগান সৃষ্টি ও তা কৃষক পর্যায়ে সম্প্রসারণে কাজ করতে হবে। উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার দেশি এসব ফলের সংরক্ষণের জন্য চারা ও ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি