বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ফলে রাজশাহী কিংসের টার্গেট ১২৬ রান। এ ম্যাচে যে দলই জয় পাবে, তারাই দ্বিতীয় দল হিসেবে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ হয়ে ফাইনাল খেলবে। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে অপরাজিত থাকেন সাত নম্বরে ব্যাটিংয়ে নামা আরিফুল হক। তিনি ২৯ বলে দুই চার ও এক ছক্কায় নিজের ইনিংস সাজান। রাজশাহীর হয়ে সর্বোচ্চ তিন উইকেট পান সামিত প্যাটেল।
ঝধসুবুধবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে মাঠে নামে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি দু’দল। শক্তির বিচারে কাউকেই খাটো করে দেখার সুযোগ নেই। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয় সন্ধ্যা পৌনে ৬টায়।
গতকাল মঙ্গলবার দিনের প্রথম এলিমিনেটর ম্যাচে ড্যারেন স্যামি ঝড়ো ব্যাটিংয়ে ২৭ বলে ৫৫ রানে অপরাজিত থেকে তামিম-গেইলের চিটাগং ভাইকিংসকে বিদায় করে রাজশাহী কিংসকে কোয়ালিফায়ারে নিয়ে যান ক্যারিবীয় তারকা।
অপর দিকে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে খুলনাকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে সরাসরি ফাইনালে পা রাখে সাকিবের ঢাকা। ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে ২২ বল বাকি থাকতেই ৮৬ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহদের ইনিংস।
শিরোপা দৌড়ে টিকে থাকতে তাদের সামনে এখন এলিমিনেটর জয়ী রাজশাহী বাধা। লক্ষ্য পূরণ হলে এবারের আসরে চতুর্থবারের মতো ঢাকা-খুলনা ম্যাচ উপভোগ করবেন দর্শকরা। যেখানে ২-১ ব্যবধানে এগিয়ে খুলনা টাইটান্স। কোয়ালিফায়ার-১ এ মধুর প্রতিশোধ নিলেও রাউন্ড রবিন পর্বের দুই ম্যাচেই হারের স্বাদ পান সাকিবরা।
বাঁচা-মরার ফাইনাল নিশ্চিতের চ্যালেঞ্জে শেষ হাসি হাসবে কারা সেটিই এখন দেখার অপেক্ষা!

























































