পূর্বাশা ডেস্ক:
হলিউডে এখন নিজের অবস্থান শক্ত করতে বেশ ব্যস্ত বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের নিয়মিত সব অনুষ্ঠানে প্রায়ই দেখা যাচ্ছে তাকে। এমনকি উপস্থাপক হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা। আর এই কদর পাওয়ার মূল কারণ হলিউডে তার অভিনীত প্রথম ছবি ‘বেওয়াচ’-এর জন্য।
কিন্তু ছবিটির মুক্তির খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে ছবিটির মুক্তি তারিখ ঘোষণা করা হলো। আগামী বছরের মে মাসে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তবে এখনো সময়টা নিশ্চিত নয় বলে জানান ছবিটির সংশ্লিষ্টরা।
কিন্তু প্রিয়াঙ্কার এই হলিউড ছবি রিলিজের আগেই তাকে নিয়ে অনেক কানাঘুঁষা তৈরি হয়েছে বলিউড পাড়ায়। হলিউডে প্রিয়াঙ্কার নিয়মিত এই আনাগোনার কারণে ভাবা হচ্ছে হলিউডেই নিজের অবস্থানটা স্থায়ী করতে চাচ্ছেন তিনি। কারণ এর আগে পিট বুলের সাথে তার একটি গানও সমালোচনার তোপে পড়ে। তবে এই বিষয়গুলোকে পাত্তা না দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘সমালোচনা আমি ইতিবাচকভাবেই নিই। আমার বলিউড যাত্রাটাও মসৃণ ছিল না। এমন অনেক সমালোচনা তখনো ছিল। আর আমি বলিউডের অভিনেত্রী হয়ে গর্বিত। হলিউডে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এটি বলতে দ্বিধা নেই। তাই যারা এই আশঙ্কা করছেন তাদের কোনো সুখবর দিতে পারছি না।’


























































