শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গুণগত মানসম্পন্ন শিক্ষার জন্য সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী


গুণগত মানসম্পন্ন শিক্ষার জন্য সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

154124nahid1_kalerkantho_picture

পূর্বাশা ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রচলিত ও গতানুগতিক শিক্ষা দিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয় উল্লেখ করে বলেছেন, তাই আমাদের বিশ্ব ও গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে। আর এই চ্যালেঞ্জ অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নুরুল ইসলাম নাহিদ আজ শনিবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। শিক্ষামন্ত্রী বলেন, ২০১০ সাল থেকে প্রতিবছর আমরা ইংরেজি বছরের প্রথম দিন প্রথম শ্রেণি থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই ঊৎসব দিবস পালন করছি। এবারও প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত গতবারের চেয়ে ২ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ২৭৩টি বই বেশি ছাপা হচ্ছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ইতিমধ্যে প্রায় সকল স্কুলে বই পৌঁছে গেছে। বিগত কয়েক বছরের মতো এবারও নির্ধারিত ১ জানুয়ারি দেশব্যাপী বই বা পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে। তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঝরে পড়া কমছে। যার ফলে প্রতিবছরই বইয়ের সংখ্যা বাড়ছে। গত বছর বই বিতরণ করা হয়েছিল ৩৩ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৯৭২টি। আর এবার বিতরণ করা হবে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই। শিক্ষামন্ত্রী শিক্ষা-স্বাস্থ্য, বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ২০২১ সালের মধ্যে আমরা ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব। আর আগামী দুই বছরের মধ্যে বিরামহীনভাবে বিদ্যুৎ সরকার দিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, আধুনিক বাংলাদেশের নির্মাতা হলো নতুন প্রজন্ম। তাই তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের জ্ঞান, দক্ষতা ও শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের শুধু মাত্র জ্ঞান ও দক্ষতা দিলেই হবে না, তাদেরকে নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর এই লক্ষ্য অর্জনের আসল শক্তি হলেন আমাদের শিক্ষকরা। তিনি শিক্ষকদের নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে শিক্ষার্থীদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালনের আহ্বান জানান। নুরুল ইসলাম নাহিদ বিগত বিএনপি-জামায়াতের জোট সরকারের সমালোচনা করে বলেন, আপনারা আপনাদের শাসনামলে সৎ লোকের শাসনের নাম করে দেশ শাসন করেছেন। আর সে সময় দেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি