শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বড় ভাইয়ের’ সমর্থন পজিটিভ হবে: আইভী


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

265109_1

ডেস্ক রিপোর্ট ঃ

দুইজন একই দলের নেতা। তবে নারায়ণগঞ্জে নিজেদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। একে অপরকে আক্রমণ করেই নানা সময় বক্তব্য দিয়েছেন সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান। তবে সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন দুইজনকে ‘ভাই-বোন’ বানিয়ে দিয়েছে।

আগের দিন সংবাদ সম্মেলন করে শামীম ওসমান বলেছেন, আইভী তার ছোট বোন। তাদের মধ্যে বিভেদ মিটে গেছে। পরদিন আইভীও বলেছেন, বড় ভাইয়ের সমর্থন তার জন্য ইতিবাচক হবে।

দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রচারে ছিলেন আইভী। সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, বাদল রায়, আশরাফ উদ্দিন চুন্নুসহ বেশ কয়েকজন সাবেক খেলোয়াড় এ সময় সমর্থন জানাতে যান আইভীকে।

সাবেক ফুটবলারদেরকে স্বাগত জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইভী। তিনি বলেন, ‘আমরা আশা করি ২২ তারিখে আমাদের নিরঙ্কুশ বিজয় হবে। জনগণ নৌকাকে ভোট দেবে, আইভীকে ভোট দেবে।’

নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বরাবর সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান-এই দুই শিবিরে বিভক্ত। দলের মধ্যে এই বিভেদ এই নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করে কি না-এমন গুঞ্জন ছিল আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পর থেকেই। তবে আনুষ্ঠানিক প্রচার শুরুর পাঁচ দিনের মাথায় শামীম ওসমান সংবাদ সম্মেলন করে বলেছেন আইভীকে নিয়ে তার সব রাগ, ক্ষোভ মিটে গেছে। কোনো বিরোধও নেই। এ সময় তিনি আইভীর জন্য বানিয়ে আনা একটি শাড়িও সাংবাদিকদেরকে দেখান। নিজেকে বড় ভাই দাবি করে শামীম জানান, দুটি শাড়ি তিনি উপহার হিসেবে দেবেন তার ভোট বোন আইভীকে।

পরদিন সকালে শামীমের দেওয়া শাড়ি পড়েই প্রচারে নামেন আইভী। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার ‘বড় ভাই’ এর সংবাদ সম্মেলন ও সমর্থন নিয়েও কথা হয় এ সময়।

শামীম ওসমানের সমর্থন এই নির্বাচনে কেমন প্রভাব ফেলবে-জানতে চাইলে আইভী বলেন, ‘এটা নির্বাচনে পজিটিভ প্রতিফলন ঘটবে।’

শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনা আর আইভী চাইলে তিনি সংসদ সদস্য পদ ছেড়ে ভোটের প্রচারে নামবেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইভী বলেন, ‘আমি বড় ভাইকে বলবো, আপনি অনেক বড় পদে আছেন, সেখান থেকে জনগণের অনেক কাজ করা যায়, আপনি জনগণের কাজ করুন, আমি ২২ তারিখ বিজয়ী হয়ে আসবো।’

২০১১ সালের সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন না পেয়ে ভোটে দাঁড়ানোর পর সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলেন আইভী। এবার কেন এ নিয়ে কিছু বলছেন না- সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন আইভী। বলেন, ‘গত নির্বাচনে আমি সেনাবাহিনীর কথা বলেছিলাম। এবার এর বিরোধিতা করছি না। নির্বাচন কমিশন চাইলে সেনাবাহিনী কেন, যে কোনো বাহিনীই দিতে পারে। এতে আমাদের আপত্তি নেই। তবে জনতাই আমার সেনাবাহিনী।’

আইভী বলেন, ‘আপনারা সেনাবাহিনীর কথা বলে নির্বাচনকে বিতর্কিত করবেন না-এটা আমার অনুরোধ।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ঢাকা থেকে যাওয়া সাবেক ফুটবলারদের সঙ্গে ছবি তোলেন সেলিনা হায়াৎ আইভী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি