শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে ১২ মাসে ৫২৩ খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৬

images_cms-image-000000654

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম নগরীতে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের ১১ তারিখ (রোববার) পর্যন্ত মোট ৮২টি খুনের ঘটনা ঘটেছে। একই সময়ে চট্টগ্রাম জেলাসহ রেঞ্জের এগার জেলায় চলতি বছরের নভেম্বর পর্যন্ত খুন হয়েছে ৫২৩ জন। ধর্ষণসহ নারী শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২ হাজার ২৫০টি।

রোববার দুপুর দেড়টার দিকে নগরীর কোতোয়ালী থানার আলকরণ এলাকায় ইব্রাহিম হোসেন মানিক (২৫) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। এ ঘটনায় ইব্রাহিম হোসেনের সাথে থাকা সামান্য আহত রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ঘটনাস্থলের পেছনে সাহেবপাড়া এলাকায় একটি মুদি দোকানকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। দোকানটি মানিকের দখলে ছিল। অন্যদিকে দোকানটির মালিকানা দাবি করে আসছিলো রানা নামের আরেকজন যুবক। এ বিরোধের জের ধরে দুজনের পাল্টাপাল্টি মামলার রানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে কিছুদিন আগে আবার জামিনে বেরিযে আসে। দুপুর দেড়টার দিকে মানিকের নামে করা মামলার সাক্ষী দিয়ে নগরীর কোর্ট বিল্ডিং থেকে রিকশা করে ফিরছিলেন রানা। রিকশাটি সদরঘাট থানার মেমন হাসপাতাল মোড় পাড় হওয়ার সময় মানিকের নেতৃত্বে কয়েকজন যুবক রানার উপর হামলা চালায়। সেখানে রানার গ্রূপের লোকজন এসে হামলা চালায়। তখন দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মানিকের মৃত্যু হয়।

এর আগে গত ২১ নভেম্বর রবিবার নগরীতে জালাল উদ্দিন সুলতান (৪৬) নামে এক ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে ডবলমুরিং থানা পুলিশ। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিলো বলে জানিয়েছিলেন ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।

জানা যায়, জালাল উদ্দিন সুলতান আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের সুলতান আহমদের ছেলে। বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত জালালের আগ্রাবাদে একটি অফিস আছে।

পুলিশ সূত্রে আরো জানা যায়, শনিবার সকালে জালাল আগ্রাবাদ অফিসে যান। দুপুর ২টার দিকে ভাত খাওয়ার জন্য অফিস থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল। গতকাল রবিবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আগ্রবাদ সিডিএ আবাসিক এলাকার ২৯ নম্বর সড়কের শেষ প্রান্তে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা উদ্ধার করে পুলিশ। বস্তা খুলে হাত-পা বাঁধা অবস্থায় জালাল উদ্দিনের লাশ পাওয়া যায়। তার গলায় শ্বাসরোধের চিহ্ন আছে বলে জানান ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।

অন্যদিকে, এর আগেরদিন নগরীর হালিশহরের নিজ বাসায় খুন হন এক ইলেকট্রিশিয়ান। ওই হত্যাকান্ডে জড়িত অভিযোগে তার স্ত্রী ও স্ত্রীর এক বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত আব্দুল বাতেন ওরফে খোকন (৩৪) নগরীর হালিশহর থানার মধ্য রামপুরা কেতুরা মসজিদ এলাকায় থাকতেন। তিনি নোয়াখালীর সেনবাগের আবদুল মতিনের ছেলে। গ্রেপ্তারেরা হলেন- খোকনের স্ত্রী জেসমিন আক্তার এবং তার বন্ধু আলাউদ্দিন। গ্রেপ্তারের পর শনিবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তারা হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী নগরীতে খুন-খারাবি বেড়ে যাওয়ার ঘটনায় শংকা প্রকাশ করে জানান, এসব হত্যাকান্ড হত্যা মামলার খুনিরা ধরা না পড়ায় এবং সঠিক সময়ে তদন্ত শেষ না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে খুনের ঘটনা বাড়ছে। মাদক ব্যবসা নিয়েও কোন কোন এলাকায় খুনোখুনির ঘটনা বেশি ঘটছে বলেও জানান তিনি।

তার কথার সূত্র ধরে জানা যায়, সূত্রে জানা যায়, এসব খুনের ঘটনার নেপথ্যে রয়েছে পরকীয়া, অনৈতিক সম্পর্ক, পারিবারিক বিরোধ ও মাদকাসক্তি। ছিনতাইকারীদের হাতেও একাধিক খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরীর খুলশী থানার আমবাগান ও পাহাড়তলী চক্ষু হাসপাতালের সামনের সড়কে ছিনতাইকারীদের হাতে নির্মম খুনের শিকার হন দু’জন। ওই ঘটনায় জড়িত ছিল অটোরিকশাযোগে ছিনতাইকারী একটি চক্র। পুলিশ ওই দুটি ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তিনজন খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, ওই চক্রটি অটোরিকশায় যাত্রী তুলে তার কাছ থেকে ছিনতাই করে। আর ছিনতাইয়ে বাধা দিলে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। নগরীতে এমন অপরাধীদের বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই চক্রের হাতে এর আগেও নগরীতে একাধিক খুনের ঘটনা ঘটেছে।

গত মাসে নগরীর দক্ষিণ হালিশহরে স্বামীর হাতে খুন হন স্ত্রী। স্ত্রী আয়েশা মনিকে গলা টিপে হত্যার পর র্যাব-৭ চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয়ে হাজির হন স্বামী আলেক শাহ। খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ ওই এলাকার যৌথ আবাসিক কলোনির ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে।

এর আগে, গত ৫ অক্টোবর রাতে সীতাকুন্ড থানায় হাজির হন খাদিজা বেগম নামে এক নারী। দুই শিশু সন্তানকে কোলে নিয়ে থানায় হাজির হয়ে পুলিশকে জানান, স্বামীকে খুন করে এসেছি। বাসায় লাশ রেখে বাইরে তালা দিয়েছি। তার অভিযোগ, কাভার্ড ভ্যান চালকের সহকারী স্বামী মো. জাহাঙ্গীর আলম মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রতিদিন তাকে মারধর করেন। আর এতে ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত স্বামীকে শিলপাটা দিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করেন তিনি।

১৮ অক্টোবর নগরীর টেরিবাজারে ভগ্নিপতিকে খুন করে থানায় হাজির হন শ্যালক। বাবলু ধর নামে ওই যুবক স্বীকার করেন ভগ্নিপতি স্বর্ণের কারিগর অঞ্জন ধরকে কুপিয়ে হত্যার পর লাশ বস্তাবন্দি করে ঘরে তালা মেরে দিয়েছেন তিনি। তার দাবি বোনকে নির্যাতন করায় সে এই খুন করেছে। তবে এ খুনের দু’দিন পর নিহতের মা চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে খুনের জন্য পুত্রবধূকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, ৪০ লাখ টাকা বউয়ের নামে এফডিআর করে দেয়ার পর তার ছেলেকে পাত্তা না দিয়ে পুত্রবধূ পরকীয়ায় মগ্ন ছিলেন। এ কারণে ভাইকে দিয়ে স্বামীকে সরিয়ে দিয়েছেন তিনি।

নিজের পরকীয়া সম্পর্ককে চাপা দিতে স্ত্রীকে হত্যা করে রিদুয়ানুল কাদের হৃদয় নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। নগরীর চান্দগাঁও থানার মোহরার বাসায় স্ত্রীকে খুনের পর তার লাশ বাথরুমের দরজায় ঝুলিয়ে রাখে সে। খবর পেয়ে নিহতের মা বাসায় এসে তালা খুলে দেখেন বাথরুমের দরজায় ঝুলছে কন্যার লাশ। ১০ দিন পর গত সোমবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে পুলিশ তাকে পাকড়াও করে। স্ত্রীকে খুন করে ওই দিনই কক্সবাজার চলে যায় সে। এরপর যে মেয়ের সাথে পরকীয়া চলছিল তাকে বিয়ে করে সেখানে।

১৯ অক্টোবর নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারের কাছে রেলওয়ে স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে রোজিনা খাতুন নামে এক যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে পুলিশ জানতে পারে দুই মাস আগে রুবেলের সাথে পালিয়ে বিয়ে করে রোজিনা খাতুন। তবে তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। এ ঘটনায় আটক মো. মাজেদ আদালতে স্বীকারোক্তি দিয়ে এ খুনের দায় স্বীকার করে। সে জানায়, তার বন্ধু রুবেলের সাথে রোজিনার লিভ টুগেদার চলছিল। একপর্যায়ে রোজিনা রুবেলকে বিয়ের জন্য চাপ দিলে রুবেল তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

১১ অক্টোবর নগরীর কোতোয়ালি থানার কাটাপাহাড় এলাকা থেকে মরিয়ম বেগম (৩৫) নামে এক নারীকে পাথর ছুঁড়ে হত্যা করে তার স্বামী মো. রূবেল হোসেন (৩২)। ৬ অক্টোবর নগরীর আগ্রাবাদ মৌলভী পাড়ায় স্ত্রী সোহেনা বেগমকে খুন করে লাশ বাসায় রেখে পালিয়ে যান স্বামী সজীব আহমেদ।

সম্প্রতি নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় মাকে কুপিয়ে খুন করে ছুরি দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে মাদকাসক্ত ছেলে। এর আগে, হাটহাজারীতে পুত্রের হাতে খুন হন জন্মদাতা পিতা। তারও আগে চান্দগাঁও এলাকায় মাকে খুন করে এক পুত্র।

খুনের পাশাপাশি মহানগরীতে ধর্ষণসহ নারী-শিশু নির্যাতনের ঘটনাও বাড়ছে। চলতি বছরের দশ মাসে নগরীর ১৬টি থানায় এ ধরনের ২৭৯টি ঘটনা রের্কড হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় চলতি বছরের দশ মাসে ৫২৩টি খুনের ঘটনা রের্কড হয়। আর ধর্ষণসহ নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২২৫০টি।

গত বছর চট্টগ্রাম মহানগরীতে খুন হয়েছে ১০৫ জন এবং ধর্ষণসহ নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৫৭টি। একই বছর রেঞ্জে খুনের ঘটনা ঘটে ৬৮৮টি এবং ধর্ষণসহ নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটে ৩ হাজার ৪৪৬টি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য্য বারো মাসে ৮২ খুন প্রসঙ্গে জানান, খুন-ধর্ষণের মতো অপরাধকে পুলিশ ভয়ঙ্কর অপরাধ হিসাবে গণ্য করে। তাই এসব মামলার তদন্তকে অগ্রাধিকার দেয় পুলিশ। এ ধরনের মামলার বিচার দ্রুত নিষ্পত্তির জন্যও রয়েছে বিশেষ আদালত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি