পূর্বাশা ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মদক্ষতার প্রশংসা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘৭০ বছর বয়সেও তাঁর গতি অ্যারাবিয়ান হর্সের মতো। অনেক সময় আমরাও তাঁর সঙ্গে তাল মেলাতে পারি না। তাঁর মতো ভিশনারি ও ডায়নামিক নেতা যে দেশে আছে, সেই দেশ এগিয়ে যাবেই।’
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতি এই গণসংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে ওবায়দুল কাদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ ফুল দেখলে খুশি হয়। আর ইদানীং আমি ফুল দেখলে খুব ভয় পাই। আমি শুধু চেয়ে চেয়ে দেখি, ভালোবাসার ফুল কোনটি আর স্বার্থের ফুল কোনটি। অনেকে ফুল নিয়ে এসে বলে এমনিই আসছি। পরেই একটা কাগজ ধরিয়ে দেয়। দাবি তো মন্ত্রীর কাছে থাকবে…। আমি জানি, এগুলোর সঙ্গে কত স্বার্থ!’























































