শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কে ফিরিয়ে দেবে কারাগারে নিরাপরাধ হাজার হাজার আসামির বছরগুলো!


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৬

265616_1
পূর্বাশা ডেস্ক:

৫ বছর ধরে বিচারের অপেক্ষায় রয়েছেন এমন আসামির সংখ্যা দেশের কারাগারগুলোতে ৫৫ হাজারেরও বেশি। এদের মধ্যে ৫৮টি কারাগারে ৪৫৬ জন আসামি বছরের পর বছর অপেক্ষা করলেও তাদের মামলা চালানোর মত আর্থিক সঙ্গতি নেই। বিচার শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিচারব্যবস্থায় ত্রুটির কারণ ও বিলম্বের জন্যে এ ধরনের দুর্ভোগ থেকে তাদের মত হতভাগ্যদের নিস্তার মিলছে না। না তারা সাজা ভোগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাচ্ছে, না তাদের পরিবার দুশ্চিন্তা মুক্ত হতে পারছে। এদের মধ্যে অনেকেই রয়েছেন নিরাপরাধ। গত ৭ ডিসেম্বর ইন্সপেক্টর জেনারেল অব প্রিজন অফিস থেকে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির কাছে জমা দেয়া এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এদের মধ্যে অনেকেই আছেন দশক কিংবা দেড় দশক ধরে কারাগারে আটক রয়েছেন। তাদের অনেকের পরিবার মামলা চালাতে যেয়ে নি:স্ব হয়েছে। কারো স্বজন হারিয়েছে, সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, পরিবারগুলো নানা ধরনের সামাজিক সমস্যার আবর্তে পড়ে ভেঙ্গে গেছে। এধরনের ব্রোকেন ফ্যামিল বা ছন্নছাড়া পরিবারের সদস্যরা চরম হতাশায় ভোগেন, তাদের অনেকে মাদকাসক্ত বা অপরাধে জড়িয়ে পড়েন এমনকি কেউ কেউ আত্মহননের মত অপরাধেও জড়িয়ে পড়েন।

এর আগে গত ১৬ নভেম্বর সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি দেশের ৬৮টি কারাগারে চিঠি পাঠিয়ে জানতে চায় কারাগারগুলোতে বিচারের অপেক্ষায় কতজন আসামি রয়েছে এবং এদের মধ্যে কতজন তাদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার সঙ্গতি নেই ও কাদের আইনগত সহায়তা প্রয়োজন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়ার পর এখন কমিটি যাচাই বাছাই করে দেখচেন ভুক্তভোগিদের মধ্যে কারা আইনগত সহায়তা পাওয়ার যোগ্য।

ওই প্রতিবেদনে দেখা যায়, কাশিমপুর কারাগারে সর্বাধিক ৮৭ জন আসামি রয়েছে যাদের মধ্যে ৫৭ জনই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এপর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৫৬, কক্সবাজার জেলা কারাগারে ৩১, কুমিল্লা জেলা কারাগারে ১৭ ও সিলেট কেন্দ্রীয় কারাগারে ১৪ জন বিচারের অপেক্ষায় রয়েছেন। এছাড়া ৫ বছর ধরে বিচারের অপেক্ষায় রয়েছেন এমন আসামির সংখ্যা কারাগারগুলোতে ৫৫ হাজারেরও বেশি। কক্সবাজার কারাগারে এমন একজন আসামি ১৪ বছর ধরে অপেক্ষায় আছেন তার বিচারের।

পুরান ঢাকার শিপন, যার বছর এখন ৪৩ বছর, তিনি ১৬ বছর ধরে বিচারের অপেক্ষায় কারাগারে অপেক্ষা করছিলেন। ঢাকার আদালতে তার মামলার নিস্পত্তি সামান্্যই এগিয়েছে। ২০০০ সালে তাকে গ্রেফতার করা হয়। গত মাসে হাইকোর্ট তাকে আটকের বিরুদ্ধে স্যুমোটো করলে তিনি মুক্তি পান। গত নভেম্বর তিনি জামিন পান এবং ১৫ নভেম্বর কাশিমপুর কারাগার থেকে বের হয়ে আসেন শিপন।

শিপন মুক্তি পেয়ে বের হয়ে আসতে পারলেও এমন অনেক আসামি কারাগারগুলোতে ৫ থেকে ১৮ বছর পর্যন্ত বিচারের অপেক্ষায় রয়েছেন। শিপনের ক্ষেত্রে হাইকোর্ট বেঞ্চের বিচারক এম এনায়েতুর রহিম এবং বিচারপতি জেবিএম হাসান নিম্ন আদালতকে নির্দেশ দেন তার মামলা ৬০ কর্মদিবসের মধ্যে নিস্পত্তি করার জন্যে।

এছাড়া গত ৪ ডিসেম্বর একই বেঞ্চ সময় নির্ধারণ করে দিয়ে নিম্ন আদালতকে ১৪ বছর থেকে ১৬ বছর ধরে যারা কারাগারে বিচারের অপেক্ষায় রয়েছেন তাদের মামলা নিস্পত্তির নির্দেশ দেয়। আদালত এমন ব্যক্তিদের মধ্যে ৩ জনকে জামিন দিয়েছে এবং ৯০ দিনের মধ্যে বাকিদের মামলা নিস্পত্তির নির্দেশ দিয়েছে। জামিন পাওয়া তিন সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন মকবুল হোসেন, সেন্টু কামাল ও বিল্লাল হোসেন। এছাড়া এক খুনের মামলার আসামি চান মিয়া যিনি এর আগে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। তার মামলাও ৬০ দিনের মধ্যে নিস্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।

চান মিয়া ১৯৯৯ সালে কাশিমপুর কারাগারে যান, তার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। ঢাকার পরিবেশ আপিল আদালতে তার মামলাটি নিস্পত্তির অপেক্ষায় রয়েছে। মকবুলের বিরুদ্ধে খুনের মামলা হয় ২০০০ সালে উত্তরা থানায়। তার মামলাটি নিস্পত্তির অপেক্ষায় আছে অতিরিক্ত মেট্রোপলিটন সেসন জজের আদালতে। মতিঝিল এজিবি কলোনি থেকে সেন্টুকে গ্রেফতার করা হয় ২০০১ সালে।

এমন অসংখ্য মামলার আসামি বছরের পর বছর ধরে কারাগারে বিচারের অপেক্ষা করলেও বিচার ব্যবস্থার ত্রুটি, আসামিদের আর্থিক সঙ্গতি সহ নানা কারণে এসব মামলার নিস্পত্তি সহজে হচ্ছে না। এধরনের মামলার দ্রুত নিস্পত্তির জন্যে বিশেষ আদালত গঠন করা যায় কি না তাও ভেবে দেখার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। তবে মামলার তদন্তে গাফিলতি, দুর্নীতি ছাড়াও দক্ষতার অভাবে অনেক সময় বিচার ব্যবস্থায় আন্তরিকতা থাকলেও এধরনের মামলাগুলোর নিস্পত্তি সহজে হয় না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি