শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মহানবীর (সা.) শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয় : রাষ্ট্রপতি


মহানবীর (সা.) শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয় : রাষ্ট্রপতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

1481642916_46

পূর্বাশা ডেস্ক:

 মঙ্গলবার ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সোমবার এক বাণীতে বলেছেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয়।

রাষ্ট্রপতি দেশবাসীসহ বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি বলেরেছন, হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) বিশ্ববাসীর জন্য অত্যন্ত পবিত্র, তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত দিন।

মহান আল্লাহ তাআয়ালা সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে হযরত মুহাম্মদ (সা.)-কে এ জগতে প্রেরণ করেন। দুনিয়ার বুকে তাঁর আগমন ঘটেছিল সিরাজাম মুনিরা তথা আলোকোজ্জ্বল প্রদীপ রূপে। তৎকালীন আরব সমাজের অনাচার, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে তিনি মানুষকে আলোর পথ দেখান এবং সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রপতি আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামীন সর্বশেষ মহাগ্রন্থ পবিত্র কোরআন তাঁর উপর অবতীর্ণ করে জগতে তাওহীদ প্রতিষ্ঠার গুরুদায়িত্ব অর্পণ করেন। নিজ যোগ্যতা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সীমাহীন ত্যাগের বিনিময়ে তিনি শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠায় সফল হন। তাঁর অনন্যসাধারণ ব্যক্তিত্ব, অনুপম চারিত্রিক গুণাবলী, সৃষ্টির প্রতি অগাধ প্রেম ও ভালবাসা, অতুলনীয় বিশ্বস্ততা, অপরিমেয় দয়া ও মহৎ গুণের জন্য তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিষিক্ত।

তিনি বলেছেন, বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান মদীনার সনদ ছিল মহানবী (সা.) এর বিজ্ঞতার এক প্রকৃষ্ট দলিল। এ দলিলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সার্বজনীন ঘোষণা রয়েছে। সুতরাং ধর্মীয় ও পার্থিব জীবনে তাঁর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। মহানবী (সা.) এর জীবনাদর্শ সকলের জীবনকে আলোকিত করুক, সকলের চলার পথের পাথেয় হোক, রাষ্ট্রপতি মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করেন । তিনি বলেছেন, মহান আল্লাহ সকলকে সত্য ও সুন্দরের পথে চলার তৌফিক দিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি