পূর্বাশা ডেস্ক:
ঈদ মানে আনন্দ, খুশি, ফিরে আসা ইত্যাদি। মিলাদুন্নবী অর্থ নবীর জন্ম। ঈদ-ই-মিলাদুন্নবী অর্থ নবীর আগমন উপলক্ষে খুশি উদ্যাপন। তাঁর আগমন দিবসটি অন্যান্য ঈদের দিবসের মতো প্রতি বছর ফিরে আসে। এ কারণেও এটিকে ঈদ-ই-মিলাদুন্নবী বলা হয়। তবে প্রথম অর্থে মুসলমানরা শব্দটি ব্যবহার করে আসছেন। ব্যাপক অর্থে শেষ নবী হযরত মুহাম্মদ (দ.)-এর শুভাগমনকে উপলক্ষ করে কুরআন শরীফ- হামদ-নাত-কাসিদা-দরূদ শরীফ তিলাওয়াত, তাঁর আগমন দিবসের অলৌকিক ঘটনাবলীর আলোচনা, তাঁর আদর্শ-চরিত্র ও জীবনী বর্ণনার মাহফিল, আনন্দ মিছিল, দান-খয়রাত, আপ্যায়ন ইত্যাদি কর্মসূচী পালন করার মাধ্যমে খুশি উদ্যাপন করাকে ঈদ-ই-মিলাদুন্নবী বলা হয়।
আভিধানিক অর্থে মিলাদ অর্থ জন্ম হলেও রাসূলুল্লাহর (দ.) ক্ষেত্রে শব্দটি আগমন অর্থে ব্যবহার করা অধিক যুক্তিপূর্ণ। কারণ, আল-কুরআনের যেখানেই তাঁর আগমনের কথা উল্লেখ হয়েছে সেখানেই মাজিয়্যাত (আসা) বি’ছাত (প্রেরণ) ইরসাল (প্রতিনিধি হিসেবে প্রেরণ করা) ইত্যাদি শব্দের ব্যবহার হয়েছে। এ দিক থেকে ঈদ-ই-মিলাদুন্নবীর অর্থ ‘নবীর জন্মোৎসব’ না করে ‘নবী আগমনের খুশি’ করাই অধিক যুক্তিযুক্ত। তাঁর আগমনের বিষয়টি আল্লাহ তায়ালার নিকট অধিক গুরুত্বপূর্ণ বিধায় তিনি আত্মার জগতে সকল নবীর (আ.) সামনে বিষয়টি উপস্থাপন করেছেন। সকল আসমানি কিতাবে তাঁর আগমন বিষয়ক ও প্রশংসাসূচক আয়াত সন্নিবেশিত ছিল। পূর্ববতী প্রত্যেক নবী-রাসূল (আ.) স্ব-স্ব উম্মতের নিকট তাঁর আগমনের কথা পৌঁছিয়েছেন। তিনি নিজেও আর্থিক ও শারীরিক ইবাদতের মাধ্যমে নিজের আগমন দিবস পালন করেছেন। সাহাবা, তাবেয়ি, তাবে তাবেয়ির যুগসহ সকল যুগে মুসলমানরা এ দিবস পালন করেছেন এবং এ উপলক্ষে শরীয়ত সম্মতভাবে আনন্দ প্রকাশ করেছেন। এভাবে পৃথিবীর মুসলিম সমাজে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হয়ে আসছে। উল্লেখ্য যে, তাঁর আগমন হয়েছিল ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার। তাঁর জন্মের চেয়ে আগমনের বিষয়টি অধিক তাৎপর্যপূর্ণ এবং ব্যাপক অর্থবোধক হওয়ার কারণে এবং তাঁর আগমন কিয়ামত অবধি সকল প্রাণী, স্থান ও কালের জন্য বিধায় মিলাদুন্নবীর কর্মসূচিকে উক্ত দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর পালন করাই হলো তাঁর আগমনী আনন্দের দাবি। এ আনন্দ প্রকাশের মূল উদ্দেশ্য হলো তাঁর প্রতি এবং তাঁর আনীত যাবতীয় বিধি-বিধানের প্রতি ভালোবাসাপূর্ণ ও সুদৃঢ় বিশ্বাস স্থাপন করা, বাস্তব জীবনে তাঁর পূর্ণাঙ্গ অনুসারী হওয়ার সাধনা করা। এভাবে ঈদ-ই-মিলাদুন্নবী দর্শনকে গ্রহণ করলে যথাযথ খুশি উদ্যাপন করা হবে নিঃসন্দেহে। আল্লাহ তায়ালা বলেন, ‘আপনি বলে দিন, আল্লাহর ফজল (অনুগ্রহ) এবং রহমত (দয়া) এর বিনিময়ে তারা যেন আনন্দ করে। এটি তাদের অর্জিত সকল সঞ্চয় হতে উত্তম।’ (সূরা ইউনুস : ৫৮) এ আয়াতে আল্লাহ তায়ালা তাঁর অনুগ্রহ ও দয়া প্রাপ্তির ওপর খুশি উদ্যাপন করার নির্দেশ দিয়েছেন এবং এমন কাজকে উত্তম ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন। এখানে ‘ফজল’ ও ‘রহমত’ দু’টি শব্দ ব্যবহার হয়েছে। এ দুটি শব্দ আল-কুরআনের কয়েক স্থানে এসেছে। যেমন বলা হয়েছে, ‘যদি আল্লাহর ফজল ও রহমত তোমাদের ওপর না হতো, তাহলে তোমাদের মুষ্টিমেয় ব্যক্তি ছাড়া সকলেই শয়তানের অনুসরণ করত।’ (সূরা নিসা : ৮৩) এ আয়াতে ‘ফজল’ ও ‘রহমত’ দ্বারা স্বতন্ত্র দু’ব্যক্তি বা বস্তুকে বুঝানো হতে পারে আবার উভয় দ্বারা একই ব্যক্তি বা বস্তুকে বুঝানো হতে পারে। আরবী ব্যাকরণ ও তাফসীর বিশেষজ্ঞদের মতানুযায়ী এখানে একই ব্যক্তি বা বস্তুকে বুঝানো অধিক যুক্তিসঙ্গত। আর এর দ্বারা উদ্দেশ্য হচ্ছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)। যদি ‘ফজল’ ও ‘রহমত’ দ্বারা স্বতন্ত্র অর্থ নেয়া হয় তখনও শব্দদ্বয়ের উদ্দেশ্য হচ্ছেন তিনি। কেননা, তাঁকে সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে ‘রহমত’ এবং সূরা জুমুয়া’র চতুর্থ আয়াতে ‘ফজল’ বলা হয়েছে। উক্ত আয়াতের ব্যাখ্যায় মাওলানা আশরাফ আলী থানভী ‘মিলাদুন্নবী’ কিতাবে বলেন, ‘ফজল ও রহমতের মূল হচ্ছে প্রিয় নবীর (দ.) পবিত্র সত্তা। অতএব এ মহান জাতের আগমনের ওপর যতই আনন্দ করা হোক না কেন, তা কমই হবে।’ ইসলামী আকিদা অনুযায়ী, আল্লাহ তায়ালা প্রথমে মানুষের আত্মার জগত সৃষ্টি করেছেন। আত্মার জগতের আলোচনার অন্যতম বিষয় ছিল মিলাদুন্নবী তথা নবীর আগমন। আল্লাহ তায়ালা সে জগতে নবীগণকে জমায়েত করে শেষ নবীর গুণ-কীর্তন পূর্বক তাঁর প্রতি ঈমান আনয়ন এবং আনুগত্য স্বীকার করার জন্য তাঁদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। উক্ত ঘটনা স্মরণ করার জন্য তিনি মুসলমানদের নির্দেশ দিয়েছেন।
আল-কুরআনের বহু আয়াতে আল্লাহ তায়ালা নিয়ামতের স্মরণ এবং এর শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছেন। তাঁর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন রাসূল (দ.)। যেমন বলা হয়েছে, ‘তোমরা তোমাদের প্রতি (প্রেরিত) আল্লাহর নিয়ামতের স্মরণ কর, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর তিনি তোমাদের অন্তরে ভালবাসা সৃষ্টি করে দিলেন এবং তোমরা তাঁর নিয়ামতের মাধ্যমে পরস্পর ভাই হয়ে গেলে।’ (সূরা আলে ইমরান : ১০৩) ইমাম ইবন কাছির কর্তৃক বর্ণিত উক্ত আয়াতের শানে নুযুল দ্বারা সুপ্রমাণিত হয় যে, এখানে নিয়ামত বলতে রাসূলকে (দ.) বুঝানো হয়েছে। সূরা ইব্রাহীমের ২৭ নম্বর আয়াতের ‘নিয়ামত’ শব্দ দ্বারাও তাঁকে বুঝানো হয়েছে মর্মে হযরত ইবন আব্বাসের বর্ণনায় পাওয়া যায়। অন্যদিকে রাসূলুল্লাহ (দ.) নিজে কায়িক ও আর্থিক ইবাদত দ্বারা তাঁর আগমন দিবস পালন করেছেন। প্রতি সোমবার রোজা পালনের কারণ জিজ্ঞাস করা হলে তিনি বললেন, ‘যেহেতু এ দিন আমার জন্ম হয়েছে এবং আমার ওপর কিতাব নাযিল হয়েছে।’ (ছহীহ মুসলিম, হাদিস নং-২৮০৭)। তিনি মদিনা জীবনে বকরী জবেহ করে ফকির-মিসকিনদের মাঝে তা বণ্টন করে দিয়ে নিজের আগমন দিবস পালন করেছেন। ইমাম সুয়ূতী তাঁর ‘আল-হাভী’ নামক কিতাবের মিলাদ অধ্যায়ে এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। কেউ হয়ত মনে করতে পারেন তিনি নিজের আকিকা করেছেন। তাই ইমাম সুয়ূতী বলেন, ‘আকিকা দু’বার করা হয় না। (তাঁর আকিকা তাঁর দাদা আব্দুল মুত্তালিব একবার করেছিলেন) সুতরাং তাঁর বকরি জবেহ করা ছিল এ জন্য যে, আল্লাহ তায়ালা তাঁকে সমগ্র জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন। এর মাধ্যমে তিনি এ কাজকে তাঁর উম্মতের জন্য বিধিত করে দিয়েছেন। যেমন তিনি নিজের ওপর দরূদ পড়তেন। অতএব আমাদের জন্য মুস্তাহাব হলো যে, আমরা যেন তাঁর মিলাদের শুকরিয়া করি।’ প্রখ্যাত সমালোচক মুহাদ্দিস ইবন জুজি ‘আল-মিলাদুন্নবী’ কিতাবে বলেন, ‘মক্কা, মদিনা, মিসর, ইয়েমেন, সিরিয়াসহ আরব জাহানের সকল মুসলমানগণ নবী আগমনের মাহফিল আয়োজন করে আসছেন। তাঁরা রবিউল আউয়াল মাসে আনন্দ প্রকাশ করে থাকেন। এ উপলক্ষে নবীর ওপর দরূদ পাঠ করা ও শোনাকে গুরুত্ব দিয়ে আসছেন। তাঁরা এ সমুদয় কর্মসূচির মাধ্যমে উত্তম প্রতিদান ও বড় সফলতা লাভ করে আসছেন।’ যুগে যুগে মিলাদুন্নবী পালিত হওয়ার বিষয়টি ইমাম ইবন তাইমিয়াও স্বীকার করেছেন। তিনি ‘ইকতিদ্বা’ কিতাবে বলেন, অনেকেই মিলাদুন্নবী পালন করে থাকে। এটা হয়ত খ্রিস্টানদের হযরত ঈসার (আ.) জন্মদিন পালনের অনুসরণে অথবা রাসূলুল্লাহর (দ.) মহব্বত এবং তাঁর প্রতি সম্মান প্রদর্শনার্থে। যদি দ্বিতীয় উদ্দেশ্যে হয়, তাহলে আল্লাহ তায়ালা তাদেরকে অবশ্যই সাওয়াব দান করবেন।’ কুরআন-সুন্নাহ থেকে নিঃসৃত কিয়াস বা যুক্তিভিত্তিক নিম্নোক্ত কয়েকটি দলিল দ্বারাও ঈদ-ই-মিলাদুন্নবী উদ্যাপনের বৈধতা ও ফজিলত সুপ্রমাণিত হয়। যথা, এক. হযরত ঈসা (আ.) আল্লাহ তায়ালার নিকট খাদ্যের জন্য প্রার্থনা করে বলেছিলেন, যদি এ প্রার্থনা কবুল হয় তাহলে সেটি হবে আমাদের এবং পরবর্তীদের জন্য ঈদের কারণ। যেমন বলা হয়েছে, ‘ঈসা বিন মরিয়ম বলল, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের জন্য খাদ্যভর্তি খাঞ্চা অবতীর্ণ করুন। তা আমাদের জন্য অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সকলের জন্য আনন্দোৎসবের কারণ হবে এবং আপনার পক্ষ থেকে হবে একটি নিদর্শন।’ (সূরা মায়েদা : ১১৪) আসমান থেকে খাদ্য আগমন যদি পূর্ববতী-পরবর্তী সকলের জন্য ঈদের কারণ হয়, তাহলে যিনি সৃষ্টির সেরা এবং আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ নিয়ামত তাঁর শুভাগমনের দিন ঈদের দিন হওয়াটা যুক্তযুক্ত।
দুই. আবু লাহাব যখন মারা গেল, তখন হযরত আব্বাস তাকে (স্বপ্নে) নাজুক অবস্থায় দেখতে পেলেন। তিনি আবু লাহাবের অবস্থা জানতে চাইলে সে বলল, ‘মৃত্যুর পর হতে আমি খুবই কষ্টে আছি। তবে ছুয়াইবাকে (তার দাসী, যাকে সে নবী আগমনের সংবাদ দেয়ার কারণে খুশি হয়ে আঙ্গুল নেড়ে মুক্ত করে দিয়েছিল) আযাদ করার কারণে তর্জনী দিয়ে আমাকে সিক্ত করা হয়।’ (ছহীহ বুখারী, ২/ ৭৬৪) একজন অভিশপ্ত কাফির যদি ভাইপো হিসেবে তাঁর আগমনের খুশি উদ্যাপন করার কারণে এমন প্রতিদান পেয়ে থাকে, তাহলে একজন মুসলমান অবশ্যই বহুগুণ প্রতিদান পাবেন। তিন. পৃথিবীর সকল জাতি তাদের মুক্তি দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি আনন্দের সঙ্গে পালন করে থাকে। সৌদি আরবসহ সকল মুসলিম রাষ্ট্র নিজেদের স্বাধীনতা দিবস পালন করে থাকে। এটি কুরআন-হাদিস সম্মতও বটে। কারণ, আল্লাহ তায়ালা বনী ইসরাইলকে ফেরআউন থেকে তাদের মুক্তি পাওয়ার কথা স্মরণ করার জন্য বলেছেন। আল্লাহর নবী (দ.) আশুরা দিবসে রোযা পালন করেছেন এবং তাঁর উম্মতকে উক্ত দিবস পালনের নির্দেশ দিয়েছেন। সুতরাং যাঁর আগমনের কারণে মানুষ এক আল্লাহর সন্ধান পেয়েছে, অন্ধকারের অমানিশা থেকে মুক্তি পেয়েছে, সত্যিকার স্বাধীনতা পেয়েছে, নারীরা প্রকৃত মর্যাদা ও ন্যায্য অধিকার পেয়েছে, প্রত্যেক শ্রেণী ও পেশার মানুষ নিজেদের স্ব স্ব মর্যাদা ও অধিকার পেয়েছে, সর্বোপরি মানবতার বিজয় সূচিত হয়েছে, সে মহান জাতের আগমন দিবসটি কি সবচেয়ে বড় আনন্দের দিন হবে না?


























































