
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন বলেছেন, সুষ্ঠু ভোট নিয়ে আমি শংকিত আছি। মাঠ পর্যায়ে ভোটারদের মাঝেও নানা শংকা বিরাজ করছে। এসব শংকা দূর করতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের দাবি জানাচ্ছি। আশা করি প্রশাসন সেই ব্যবস্থাই নিবেন।
বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টায় নগরীর ধর্মসাগড়স্থ নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন স্বপন এসব কথা বলেন ।
চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন স্বপন বলেন, আমাকে অনেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে দলের বিদ্রোহী প্রার্থী বলেছেন। দয়া করে আমাকে বিদ্রোহী প্রার্থী বলবেন না, কারণ আমি আওয়ামীলীগ করি, আমি তো আওয়ামী লীগেরই প্রার্থী। আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন ভাবে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের লোকজনের সাথে সুসম্পর্ক গড়ে ওঠেছে। তাই জেলা পরিষদের ভোটার ও দলের তৃণমূলের নেতাকর্মীদের দাবি ও সমর্থনের কারণে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। জেলা পরিষদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ বলে আমি নির্বাচনের অংশ নিয়েছি। ভোটের মাধ্যমে যে বিজয়ী হউক না কেন, বিজয় তো আওয়ামী লীগেরই হবে।
সাজ্জাদ হোসেন স্বপন আরো বলেন, আ’লীগের সমর্থিত প্রার্থী আবু তাহেরের সাথে আমার কোন বিরোধ নেই। তিনি দলীয় সমর্থন পাওয়ার পর আমি তাকে চিনেছি। কুমিল্লার ১৬ উপজেলার কেউ তাকে চিনে না। তিনিও আ’লীগের কোন নেতাকর্মীকে চিনেন না।
এ সময় তিনি আরো বলেন, আমি দল বদলের রাজনীতিতে বিশ^াস করি না। ১৯৭৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন শাখার অন্যতম সদস্য নির্বাচিত হই। পরে ১৯৮১ সালে কুমিল্লা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হয়ে ১৯৮৬ সালে কলেজ ছাত্র সংসদের ভিপি পদে নির্বাচনে অংশগ্রহন করি। ১৯৮৭ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি, পরে কুমিল্লা জেলা ছাত্রলীগের সহ সভাপতি পদে দায়িত্ব পালন করি। ১৯৯০ সালে বাংলাদেশ যুবলীগ বুড়িচং শাখার সভাপতি এবং ১৯৯৩ সালে যুবলীগ কুমিল্লা জেলার শাখার সহ-সভাপতি নির্বাচিত হই। নব্বই দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি বলিষ্ঠ ভূমিকা পালন করি। আমি ২০০৯ সালে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। সর্বশেষ চলতি বছর আমাকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত কমিটির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়।
এ সময় দক্ষিণ জেলা আ’লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















































