ডেস্ক রিপোর্টঃ
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। আজ বিজয়ের ৪৫ বছরপূর্তির দিন। দেশবাসী আজ যথাযথ মর্যাদায় উদযাপন করছে মহান বিজয় দিবস।
ইতিহাসের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতার সময় খুব বেশি দীর্ঘ না হলেও একটি জাতির উন্নয়ন-অগ্রগতির জন্য একেবারে কম নয় এটি। তবে বিজয়ের এত বছর পরও দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয়তাবাদের ‘বিভাজন’ জাতিকে বিভক্ত করছে বলে মনে করেন রাজনৈতিক বিশেষকরা।
তারা বলছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির মধ্যে ঐক্য-প্রেরণা তৈরি হয়েছে। যার মূলে রয়েছে-গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ । তবে বিষয়গুলো যে হারে অর্জন হওয়ার কথা ছিল, ততটা হয়নি। জাতীয়তাবাদের সংজ্ঞা নিয়ে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে রয়েছে বিভাজন।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ড. মিজানুর রহমান শেলী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘আসলে রাজনৈতিক শক্তি দিয়ে এককভাবে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। জাতিকে ঐক্যবদ্ধ না করতে পারলে মুক্তিযুদ্ধের অর্জন ধরে রাখা যাবে না।’
তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে, স্বাধীনতার পক্ষে-বিপেক্ষ এ ধরনের বাক্য ক্ষমতাসীনরা উচ্চারণ করে থাকে। আসলে স্বাধীন বাংলাদেশের বিপক্ষে যারা তাদেরকে চিহ্নিত করতে হবে এসব কথা না বলে তাদের আইনের আওতায় আনার উচিত।’
ঐক্যবদ্ধ চেতনার মাধ্যমে গণতন্ত্রের জন্য আইন বিভাগ, বিচার বিভাগ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার প্রয়োজন তার পদক্ষেপ নেওয়া এখন জরুরি বলেও উল্লেখ করেছেন তিনি।
বিএনপিও স্বাধীনতাবিরোধীদের বিচার চায়—দলটির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘এ বছরের সেরা কৌতুক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন- এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে তামাশা এবং নির্মম রসিকতা।
এদিকে গণতন্ত্র, আইনের শাসন, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ না থাকলে উন্নয়ন বাধা গ্রস্থ হয় বলে মনে করছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দাবি, ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ২০২১ সালের মধ্যে মধ্যবর্তী দেশ হিসেবে গড়ে উঠার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে, ২০৪১ সালের মধ্যে এ দেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করা হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে। করছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান দ্য রিপোর্টকে বলেছেন, ‘স্বাধীনতার অর্জন আমরা ধরে রাখতে পারিনি। স্বাধীনতার পরবর্তী সময় আমরা বিপদগামী হয়েছি। ৪৫ বছর একটা লম্বা সময়। গণতন্ত্রহীনতার কারণে আমরা যেভাবে সফলতা অর্জন করতি পারিনি।’
তিনি বলেছেন, ‘দেশে দুর্নীতি, দুর্বৃত্তায়ন হচ্ছে। গণতন্ত্র না থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শক্তিশালী গণতন্ত্রের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমি মনে করি, আইনের শাসন ও গণতন্ত্র না থাকলে উন্নয়ন বাধা গ্রস্থ হবে।’
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার মধ্য দিয়ে সবাই মিলে একটি সেবামুখী, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন।
বাণীর একটি অংশে প্রধানমন্ত্রী বলেছেন, “বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী চক্র জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের এই জঘন্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। ইনডেমনিটি অর্ডিনেন্স জারী করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দেয়। মার্শাল ল’ জারীর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে। অবৈধ সরকার গঠন করে। সংবিধানকে ক্ষতবিক্ষত করে। সংবাদপত্রের স্বাধীনতা রুদ্ধ করে।”
অপরদিকে, বিজয় দিবস উপলক্ষ্যে এক বার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘শোষণ-বঞ্চনামুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১-এ এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার খর্ব হয়েছে। কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্র প্রিয় মানুষ লড়াই-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনরুদ্ধার করেছে।১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের চক্রান্ত আজো বিদ্যমান। আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে গ্রাস করে আমাদেরকে একটি পদানত জাতিতে পরিণত করার অপপ্রয়াসে লিপ্ত। ওই অপশক্তির এদেশীয় দোসররা নানাবিধ চক্রান্তজাল রচনা করে আমাদের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিপন্ন করে চলেছে।’


























































