
পূর্বাশা ডেস্কঃ
মাসদার হোসেন মামলার রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরি-সংক্রান্ত শৃঙ্খলা ও আচরণ বিধিমালা গেজেট আকারে প্রকাশ নিয়ে বিচারবিভাগ ও সরকারের মধ্যে দূরত্ব বাড়ছে। গত ১ নভেম্বর বিচার বিভাগের স্বাধীনতা ও সুপ্রিম কোর্টের ক্ষমতা নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেওয়া বাণীকে কেন্দ্র করে মূলত সরকারের সাথে বিচারবিভাগের টানাপোড়েন শুরু হয়।
গত ১ নভেম্বর বিচার বিভাগ পৃথককরণের নয় বছর পূর্তি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগে দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্য পদে সময়মতো বিচারক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এতে বিচারকার্যে বিঘ্ন ঘটে। বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি বেড়ে যায়। তাই ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনঃপ্রবর্তন করা এখন সময়ের দাবি।
এসকে সিনহা বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের ওপর আপিল বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা আছে। ১১৬ অনুচ্ছেদের ফলে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের ওপর এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না।উল্লেখিত প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রণীত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনঃপ্রবর্তন হওয়া সময়ের দাবি। ওই বিধানটি পুনঃপ্রবর্তন করলে বিচার বিভাগের স্বাধীনতা আরো সমুন্নত ও সংহত হবে এবং বিচার বিভাগের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।’
এদিকে প্রধান বিচারপতির এ বাণীকে স্ববিরোধী বলে উল্লেখ করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমি তার (প্রধান বিচারপতি) এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছি। আইনমন্ত্রী বলেন, ৭২-এর সংবিধান অনুযায়ী বিচারকদের পদায়ন, পদোন্নতি, অপসারণসহ এসব ক্ষমতা রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। তবে ১৯৭৮ সালে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে এসব পদায়ন, পদোন্নতি সুপ্রিম কোর্টের অধীনে ন্যস্ত করা হয়। পরে অবশ্য এই সংশোধনী বাতিল করা হয়। প্রধান বিচারপতি এসব ক্ষমতা আবারও সুপ্রিম কোর্টের অধীনে নিতে চাইছেন। যেহেতু তিনি ৭২ সংবিধানের পুনঃপ্রবর্তন চাইছেন, তাহলে সেখানে আবার এসব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করা কীভাবে সম্ভব?
এদিকে নিম্ন আদালতের বিচারকদের চাকরি-সংক্রান্ত শৃঙ্খলা ও আচরণ বিধিমালা নিয়ে বিচারবিভাগ ও সরকারের মধ্যে চলছে টানাপড়েন। এই বিধিমালা গেজেট আকারে প্রকাশের জন্য আইন মন্ত্রণালায়কে কয়েক দফা সময় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কিন্ত ওই সময়ের মধ্যেও তা করা হয়নি। পরে এ বিধিমালা গেজেট আকারে প্রকাশের প্রয়োজন নেই বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিলে সরকারকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দেন সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলেন, ‘এই বিধিমালা নিয়ে রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে।’ অন্যদিকে আইনমন্ত্রী বলেছেন, ‘সিদ্ধান্ত রাষ্ট্রপতির। এ বিষয়ে আমার বলার কোনো এখতিয়ার নেই।’
এখানেই শেষ নয়, বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলেও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। এ সময় অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বেশ কয়েকজন মন্ত্রী এ আলোচনায় অংশ নিলেও তারা গণমাধ্যমে এ ব্যাপারে কোনো বক্তব্য প্রকাশে রাজি হননি। আইনজ্ঞরা বলছেন, আলোচনা সাপেক্ষে বিচারকদের জন্য পৃথক বিধিমালার প্রয়োজন রয়েছে। তবে সংবেদনশীল এ বিষয়টি সুরাহা করতে ধৈর্য ধারণই শ্রেয়।
রাষ্ট্রপতির সিদ্ধান্তের পর আপিল বিভাগের এ নির্দেশনার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রাষ্ট্রপতি অধ্যাদেশের ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটাই সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। রাষ্ট্রপতির ওপর কথা বলার ক্ষমতা তার নেই।
তবে এখানে ভুল বোঝাবুঝি রয়েছে বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, অধস্তন বিচারকদের জন্য চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালা প্রণয়ন করা উচিত। এটা না হলে তারা কীভাবে চলবেন। বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, পদোন্নতি সব কিছুই শৃঙ্খলার সঙ্গে জড়িত। বিধিমালা করা হয়েছে, এখন গেজেট জারি করতে অসুবিধা নেই। তিনি আশা প্রকাশ করেন, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতিকে বিষয়টি নিয়ে পরামর্শ দেবেন। আশা করি, রাষ্ট্রপতি বুঝবেন এবং গেজেট জারির অনুমোদন দেবেন।
সরকারকে গেজেট প্রকাশ করতেই হবে
বার বার সময় দেওয়ার পরও সরকার মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালা গেজেট প্রকাশ না করায় গত ৮ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে মৌখিকভাবে হাজির হতে বলেন আপিল বিভাগ। সে অনুযায়ী তারা দু’জনই ১২ ডিসেম্বর সকালেই আদালতে হাজির হন । এ সময় তাদের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রধান বিচারপতির নেতৃত্বে আট সদস্যের বেঞ্চে আপিল বিভাগের দৈনন্দিন কার্যক্রম শুরু হয়। তলব করা আইন মন্ত্রণালয়ের দুই সচিবের উপস্থিতিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রাষ্ট্রপতির পক্ষ থেকে রোববার একটি পরিপত্র জারি করা হয়েছে। এরপর প্রধান বিচারপতি বলেন, আমরা কোনো চিঠি বা পত্র পাইনি। অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপতির পক্ষ থেকে রেজিস্ট্রার জেনারেলকে একটি পরিপত্র দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বলেন, ‘বিষয়টি তো আমরা জানি না। সেটি তো আমাদের দেবেন। রেজিস্ট্রার জেনারেল তো সুপ্রিম কোর্টের দাপ্তরিক দায়িত্ব পালন করছেন।’ এরপর তিনি রাষ্ট্রপতির দেওয়া চিঠি আদালতে পড়ে শোনান।
রাষ্ট্রপতির আদেশক্রমে চিঠিতে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বিচার বিভাগীয় কর্মকর্তাগণের জন্য পৃথক আচরণ বিধিমালা, শৃঙ্খলা বিধিমালা এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ ও বরখাস্তকরণ, সাময়িক বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা, ২০০৭ সংশোধনকল্পে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রস্তাবিত খসড়া বাংলাদেশ গেজেটে প্রকাশ করার প্রয়োজনীয়তা নাই মর্মে মহামান্য রাষ্ট্রপতি সানুগ্রহ সিদ্ধান্ত প্রদান করেছেন।’
পরিপত্র পড়া শেষে প্রধান বিচারপতি বলেন, সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতি নামমাত্র; যা আপনারা পাঠিয়েছেন তা-ই তিনি করবেন। তিনি বলেন, আমরা তো বিধিমালার কোনো খসড়া করে দিইনি। আপনারা (আইন মন্ত্রণালয়) এই খসড়া পাঠিয়েছেন, মাসদার হোসেন মামলার রায়ের আলোকে কিছু সংশোধন করে দেওয়া হয়েছে। অতএব এখানে রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে।
অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, মাসদার হোসেন মামলার আলোকে মূলত মন্ত্রণালয় থেকে একটি আচরণবিধি কিছুটা সংযোজন-বিয়োজন করে পাঠানো হয়েছিল। এটা ঠিকমতো উপস্থাপন করা হয়নি। তিনি বলেন, এটা নিয়ে কোনো দ্বিমত বা ভুল বোঝাবুঝির সৃষ্টি যেন না হয়। এ রকম করলে দেশে সরকার চলবে কীভাবে।
প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রপতির ‘হ্যাঁ’ বা ‘না’ বলার সুযোগ নেই। এটা করলে সরকারের পতন হবে না। এর জন্য মন্ত্রিসভায় বা সংসদে যেতে হবে না। এ বিষয়ে আমরা কোনো সমঝোতা করতে চাই না। এখন পিছপা হওয়ার সুযোগ নেই। সরকারকে গেজেট প্রকাশ করতেই হবে।’ তিনি বলেন, আইন মন্ত্রণালয়ে কর্মকর্তা যারা আছেন, তাদের বিন্দুমাত্র জ্ঞান থাকলে এভাবে রাষ্ট্রপতি চিঠি দিতেন না। রাষ্ট্রপতি সকলের ঊর্ধে। চিঠি দেওয়ার প্রস্তাব মন্ত্রণালয় থেকেই পাঠানো হয়েছে। আমরা চেয়েছি, সরকার যেন আইনটা বানায়। তিনি বলেন, আমরা সরকারের প্রতিদ্বন্দ্বী নই। সরকারকে সহযোগিতা করতে চাই। আইন ও সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে এটাই আমরা চাই।
আদালতে উপস্থিত দুই সচিবের কাছে প্রধান বিচারপতি জানতে চান, এ বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য কী? আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক জানান, এটি ভেটিংয়ের জন্য এখনও ড্রাফটিং বিভাগে যায়নি। ওপর থেকে যেভাবে নির্দেশনা আসে সেভাবেই প্রস্তাবনা পাঠানো হয়। এ ক্ষেত্রে তাদের কিছুই করার নেই। আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, আপনার আগের সচিব হাবিবুল আউয়ালকে বিদায় করা হয়েছে। সমন্বয় না করলে আপনাকে সরিয়ে দেওয়া হবে। মাসদার হোসেন মামলাটি আপিল বিভাগে দু’বার রিভিউ করা হয়েছে। এখন আর দেরি না করে গেজেটটা করে দিন।
প্রধান বিচারপতি আরও বলেন, এ বিধিটি আজ হোক, কাল হোক করতেই হবে। এ পর্যায়ে আইন সচিব বলেন, আদালত যেভাবে আদেশ দেবেন, সেভাবেই করা হবে। শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল আদালতের কাছে দুই মাস সময় প্রার্থনা করেন। এ পর্যায়ে আদালত ১৫ জানুয়ারির মধ্যে গেজেট করে আনতে বলেন এবং ওই তারিখ পর্যন্ত বিষয়টি মুলতবি করেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি বলতে চান নিশ্চয়ই মন্ত্রণালয় থেকে যেভাবে প্রস্তাব পাঠানো হয়েছে সেভাবেই হয়তো রাষ্ট্রপতি নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আদালত বলেছেন, আমাদের দেশ রাষ্ট্রপতিশাসিত নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার। এখানে রাষ্ট্রপতিকে বিশেষভাবে সংবিধানে দুটি ক্ষমতা দেওয়া আছে। অবশিষ্ট কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে করবেন।






















































