ডেস্ক রিপোর্টঃ
নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপের ভবিষ্যত নিয়ে এখন সরকারি দল ও বিরোধীদলগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই শুরু হয়েছে। তারা এখন এ সংলাপ নিয়ে যেভাবে ও যে ভাষায় কথা বলবেন এবং এধরনের বাকযুদ্ধই সংলাপের ভবিষ্যৎ নির্মাণ করবে। আদতে সংলাপ কোনো কাজে আসবে না এমন হতাশা ইতিমধ্যে কেটে গেছে বলেই পুনরায় এধরনের সংলাপ শুরু হতে পেরেছে। এখন একে বাস্তব পরিণতি দেওয়ার বিষয়টিও যথারীতি রাজনীতিবিদদের ওপরই নির্ভর করছে।
বঙ্গভবনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার দলের শীর্ষ নেতাদের নিয়ে এক ঘন্টা ৩ মিনিট নির্বাচন কমিশন গঠনে আলোচনা করে প্রস্তাব দিয়েছেন। এরপর দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যে আশাবাদ নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন তা দেখে অনেকেই আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। কিন্তু আওয়ামী লীগের মহাসচিব ওবায়দুল কাদের ইতিমধ্যে এধরনের সংলাপ নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, বিএনপিকে বাস্তববাদী হতে হবে। সরকারি দলে রাষ্ট্রপতি আমাদের অভিভাবক। তিনি তার দায়িত্ব সঠিকভাবেই পালন করবেন।
বিএনপি নেতারা বলছেন, রাষ্ট্রপতি আশাবাদী। তাহলে ওবায়দুল কাদেরের সন্দেহের ভিত্তি কি? এর আগে বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ফলপ্রসু হয়নি। কিন্তু বিএনপির সিনিয়ার নেতা জয়নাল আবদীন ফারুক একাত্তর টেলিভিশনে বলেছেন, অতীতের চেয়ে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন, তবে আওয়ামী লীগ যদি মনে করে বিচার মানি তালগাছ আমার, তাহলে সংলাপ সফল হবে না। আওয়ামী লীগ যদি মনে করে চিরদিন ক্ষমতায় থাকবে তাহলে নির্বাচন কমিশনকে নিরপ্ক্ষে ও শক্তিশালী করে গঠন করার কোনো উদ্যোগও নেয়া যাবে না।
ওবায়দুল কাদের কেন সংলাপ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন? তার অভিপ্রায় নিয়ে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো বিপক্ষ শক্তির সঙ্গে আশাবাদ কিংবা সন্দেহ প্রকাশ করে মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্যে দিয়ে দরকষাকষি করে নিজেদের অভিপ্রায়ে স্থির থাকবেন এটাই স্বাভাবিক। এবং তা হবে আলোচনার টেবিলে, এটা হওয়ার সুযোগ দেওয়া মানেই সহিংস, অগণতান্ত্রিক পথ পরিহার করা। ওবায়দুল কাদের বলেছেন, যখন সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান বিএনপি নেতাদের সংলাপে ডেকেছিলেন, তখন তারা সাড়া দেননি। সেই পাপের প্রায়শ্চিত্য কি এবারও বিএনপি নেতাদের করতে হবে। এবার কি রাজনৈতিক প্রতিশোধের পালা, খোদা না করুক তাহলে গণতন্ত্র কিভাবে এগিয়ে যাবে। বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই আরো জমে উঠুক। যাতে তারা জাতিকে মুক্তি দেওয়ার একটা পথ খুঁজে পায়। আর ভোটাররাও তাদের ইচ্ছে মত ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
ওবাদুল কাদের আরো বলেছেন, বিএনপি চেতনা ফিরে পেয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে তারা সংলাপে যাচ্ছেন। ৫ই জানুয়ারির নির্বাচনের আগে তারা যদি গণভবনে যেতেন তাহলে রাজনৈতিক চিত্র অন্যরকম হত। ক্ষমতায় যাওয়ার রাজনীতি করলে জনসমর্থন হারাতে হয় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে না আসলে দলটি কি চায়? তারা কি সত্যিই ক্ষমতায় যেতে চায়?
বিএনপি কি চায় তা রাষ্ট্রপতির কাছে ১৩ দফা প্রস্তাবে বলেছে। সার্চ কমিটি গঠনে সকল দলের কাছে গ্রহণযোগ্য একজন সাবেক প্রধান বিচারপতিকে আহবায়ক করে রাজনৈতিক দলগুলোর সমর্থিত চার সদস্য নেয়া, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও শক্তিশালী করে গঠন ও আরপিও সংশোধন সহ বিএনপির বিভিন্ন দাবি নিয়ে কোনো চুলচেরা বিশ্লেষণে যাচ্ছে না সরকারি দল আওয়ামী লীগ। ওবায়দুল কাদেরও এসব প্রস্তাব নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলছেন না। ঐতিহাসিক একটি রাজনৈতিক দল তা করলে বরং বিএনপি সহ বিভিন্ন দলের প্রস্তাব আরো সংশোধিত, পরিমার্জিত ও কার্যকর কোনো প্রস্তাব পাওয়া যেত। রাজনৈতিক দোষারোপের মধ্যে দিয়ে দায়িত্ব শেষ করলে এমন মনস্তাত্ত্বিক লড়াইয় কোনো ফল বয়ে আনবে না। অবশ্য বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের এধরনের কোনো প্রস্তাব আদৌ আছে কি না তা এখনো সুষ্পষ্ট নয়।


























































