
পূর্বাশা ডেস্কঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে রাজনীতির ময়দান উত্তপ্ত হলেও নির্বাচন ঘিরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি। তবে নির্বাচনের দিন সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে কিনা তা নিয়ে আতঙ্কে রয়েছেন বড় দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীরা। দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে মেয়রপ্রার্থী রয়েছেন ৭ জন। এছাড়া ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১৫১ জন এবং সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৮ জন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা হিসেবে প্রথমেই ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক কাউন্সিলর প্রার্থীর দ্বন্দ্ব এবং দ্বিতীয়ত কালো টাকার বিনিময়ে ভোট কেনার লড়াইকে সম্মুখে রাখছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী এবং বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
যখন জেলা আওয়ামী লীগের কুয়াশাঘেরা অভিযোগের রাজনীতিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন এগিয়ে যাচ্ছে। সেই সময় ক্ষমতাসীন দলের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী সুষ্ঠু নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। আইভীর প্রকাশ্য শত্রু শামীম ওসমানের এলাকা সিদ্ধিরগঞ্জের ৭টি ওয়ার্ডসহ মোট ১০টি ওয়ার্ড নিয়ে আশঙ্কা রয়েছে তার।
পরিবর্তন ডটকমের কাছে আইভী বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানার ৭টি কেন্দ্রে আওয়ামী লীগের একাধিক কাউন্সিলর পার্থী রয়েছেন। এছাড়া যে সকল ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক কাউন্সিলর প্রার্থী রয়েছে সেখানে সংঘর্ষ বাধার আশ ঙ্কা বেশি।’
তিনি আরো বলেন, ‘কাউন্সিলর প্রার্থীরা কালো টাকা প্রদানের মাধ্যমেও সুষ্ঠু নির্বাচনে বাঁধাগ্রস্ত করতে পারে।’
খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর থানা এলাকার ১৩, ১৪ ও ১৮ নং ওয়ার্ডে বিএনপি মতাদর্শের কোন কাউন্সিলর প্রার্থী নেই। এছাড়া ২৭টি ওয়ার্ডের মধ্যে বিএনপি মতাদর্শের কাউন্সিলর প্রার্থী রয়েছে মাত্র ১৪ জন। তবে প্রতি ওয়ার্ডে আওয়ামী লীগ মতাদর্শের একাধিক কাউন্সিলর প্রার্থী রয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দলের দুই জন। ওয়ার্ড যুবলীগের আহ্ববায়ক মতিউর রহমান মতি এবং আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মণ্ডল।
৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মণ্ডল সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘২৭টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে আমার ওয়ার্ড। এই ওয়ার্ড নিয়ে সবাই চিন্তিত।’
তবে ৬ নং ওয়ার্ডের অপর প্রার্থী মতিউর রহমান মতি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না, তা দেখার দায়িত্ব প্রশাসনের।’
এদিকে ১৮ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে একজন মহানগর শ্রমীক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না এবং অপরজন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন। ক্ষমতাসীন দলের এই দুই কাউন্সিলর প্রার্থী একে অপরের বিরুদ্ধে পেশি শক্তি ও কালো টাকার অপব্যবহারের আশঙ্কা করছেন।
একই সমস্যায় রয়েছে ১৩ নং ওয়ার্ড। সেখানে ক্ষমতাসীন দলের দুই কাউন্সিলর প্রার্থীদের মধ্যে একজন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বরিউল ইসলাম এবং অপরজন মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়েজ উদ্দিন।
ক্ষমতাসীন দলের একাধিক কাউন্সিলর প্রার্থী নিজেদের জয় নিশ্চিত করার জন্য ভোটকেন্দ্রে বিশৃখলা বাধাতে পারে এমন আশঙ্কায় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেনও।
তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘সরকারি দলের একাধিক কাউন্সিলর প্রার্থী প্রায় প্রতিটি ওয়ার্ডে রয়েছে। তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারেন।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দুই মেয়রের এমন আশঙ্কার কথা রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদারকে জানালে পরিবর্তন ডটকমকে তিনি বলেন, ‘নির্বাচনে কোনো ঝামেলা হবে না।’
তার কাছে জানতে চাওয়া হয় কতোগুলো ঝুকিপূর্ণ কেন্দ্র রয়েছে। জবাবে নুরুজ্জামান তালুকদার বলেন, ‘ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র নেই। আমরা বলি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সব কেন্দ্র আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) মতামত জানতে চাইলে তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।






















































