শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাল ভোট, ভূয়া ভোটারদের অংশগ্রহণে শেষ বিএমএ নির্বাচন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৬

unnamed-55-413x550

ডেস্ক রিপোর্ট  : গোলযোগ না হলেও জাল ভোট, ভূয়া ভোটারদের অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই শেষ হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচন-২০১৬।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর বিএমএ ভবনসহ দেশের সব জেলায় একযোগে চিকিৎসকরা নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটে অংশ নেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত ভোট গণনার প্রস্তুতি নিচ্ছিল এ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন।

ঢাকার নির্বাচনে ১৩ হাজার ৭০৪ জন ভোটার এবং সারাদেশে মোট ভোটার ৩৬ হাজার ১৬৬ জন। সারাদেশের সম্পর্কে পরিষ্কার ধারণা না পাওয়া গেলেও ঢাকার ভোট সম্পর্কে ধারণা পাওয়া গেছে, কতজন ভোটার ভোট দিতে পেরেছেন, কে কতো ভোট পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন সংশ্লিষ্ট একজন ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ প্রতিবেদককে বলেন, ঢাকায় ৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে চূড়ান্ত ফল ঘোষণা হয়ে যাবে বলে দৃঢ় সুরে জানান এই ব্যক্তি।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, এই ৭০ শতাংশ ভোট যাদের তাদের মধ্য থেকে অনেকেই পারেননি নিজের ভোট নিজে দিতে। এ বিষয় নিয়ে ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ জন্ম নিলেও দলীয় বিশৃঙ্খলা রক্ষার্থে তা চাপা রেখেছেন।

ক্ষোভের যুক্তি- প্রথমত: নির্বাচনে প্যানেল মাত্র একটি, জয় নিশ্চিত, তারপরও কেন ভোট জাল করা হলো।

দ্বিতীয়ত: এতে নেই শক্তিশালী বিরোধী দলের অংশগ্রহণ, তারপরও কেন অনৈতিক রাস্তায় হাঁটা হলো।

তৃতীয়ত: বিরোধী প্যানেলে থাকা বামপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট খুবই দুর্বল সরকার সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর প্যানেলের তুলনায়।

চতুর্থত: মোট ভোটারের ৯৫ শতাংশই স্বাচিপের।

পঞ্চমত: প্রকৃত ভোটারদের উপস্থিতি থাকা সত্বেও কেন ভূয়া ভোটারদের আনা হলো এবং একজন প্রকৃত ভোটার দুই বা ততোধিক ভোট দিয়েছে।

এসব কারণে বিএমএ’র তরুণ সক্রিয় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ প্রতিফলিত হয়েছে। তাৎক্ষণিকভাবে এসব বিষয় নিয়ে তারা বিএমএ ভবনে উপস্থিত শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন, কিন্তু ফল পাননি।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্যানেলে সভাপতি প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব প্রার্থী এহতেশামুল হক চৌধুরী দুলাল। বাম প্যানেলের সভাপতি প্রার্থী হয়েছেন ফজলুর রহমান, মহাসচিব প্রার্থী শাকিল আকতার। চিকিৎসকদের জাতীয় সংগঠনের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে গত বারের মতো এবারও ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বাম সমর্থক চিকিৎসকরাও বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন- বিভিন্ন স্থানে তাদের পোস্টার তুলে ফেলেছে ক্ষমতাসীন দল সমর্থক চিকিৎসকরা।

সরেজমিনে দেখা গেছে, বিএমএ ভবনের গাড়ি পার্কিং স্থানে করা হয়েছিল বুথ। ভবন বরাবর বাইরে অনেক প্যান্ডেল। কোনোটা নির্বাচন কমিশন করেছে, কোনোটা প্রার্থী বা প্রার্থীরা মিলে করেছেন।

রাস্তাজুড়ে চিকিৎসকদের ভরপুর উপস্থিতি ছিল সকাল থেকে রাত অব্দি, বেশিরভাগই স্বাচিপের। সংখ্যায় অতি অল্প দেখা গেছে, বামপন্থী চিকিৎসকদের। এই ব্যাপক উপস্থিতির জন্যে বৃহস্পতিবার সকাল থেকে এ সড়কে যানচলাচল বেশ সীমিত ছিল। ফলে যানজট যৌবন লাভ করেছিল অফিস টাইমে। এইপাশের প্রভাবের জের টানতে হয়েছে প্রেসক্লাব ঘেঁষা লেনকেও।

এদিকে, বিএমএ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চললেও নির্বাচনের প্রকৃত স্বাদ উপভোগ করতে পারেননি ভোটাররা। তাদের ভাষ্য- বিরোধী দলের অংশ গ্রহণ না থাকায় মনে হচ্ছে না, এটা প্রকৃতই নির্বাচন কি-না।

প্রতিদ্বন্দ্বী না থাকায় এরই মধ্যে আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিএমএ ভবনের সামনে কথা হয় বেশকিছু চিকিৎসক ও চিকিৎসক নেতাদের সঙ্গে। তারা সবাই সরকার সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর। এর মধ্যে কেউ ছিলেন- সক্রিয় রাজনৈতিক কর্মী, কেউ নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়রা নিয়মরক্ষার্থে শুধু ভোট দিতে এসেছেন, কে জিতল বা কে হারলো সেদিকে তারা ততটা আকর্ষিত নন।

এরকম একজন চিকিৎসক মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার। নির্বাচন নিয়ে নিজ মূূল্যায়ন সম্পর্কে প্রশ্ন করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এই চিকিৎসক বলেন, স্বাচিপ করি, আমাদের লোকজন দাঁড়াইছে, তাই আসছি ভোট দিতে। আসলে কোনো মজা পাচ্ছি না। বিরোধী দল নাই। এটা টেস্ট লেস নির্বাচন। বামপন্থীরা তো আছে- বলা হলে এই চিকিৎসক বলেন, ওদের গুনে কে?

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের একজন চিকিৎসকের মূল্যায়নও একই ধাঁচের। তিনিও নাম প্রকাশে রাজি নন। তিনি বলেন, ভোট দিয়ে চলে যাচ্ছি বাসায়, দু-চারজন বন্ধু বান্ধবের সঙ্গে কথা বার্তা বলেছি, আড্ডা দিয়েছি। কিন্তু থাকার প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা ফিল করছি না। বিরোধী দল নেই। তাই উত্তেজনা নেই। সবাই জানে, স্বাচিপের লোকজনই জিতবে। প্যানেল তো একটাই।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের একজন সহকারী অধ্যাপক নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে বলেন, আমি দুপুরে গেছি ভোট দিতে, গিয়ে দেখি ভোট দেয়া হয়ে গেছে। আমি তো অবাক। ভোট তো স্বাচিপকেই দেব, স্বাচিপ-ই তো করি। তারপরও কেন এই জালিয়াতি। ভোটার হিসেবে আমি কেন স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত হলাম? তিনি বেশ রাগ¦ত স্বরে বলেন, শুধু দল করি দেখে নিজেকে সামলে নিয়েছি।

সরেজমিনে চিকিৎসকদের যেসব জটলা পাকানো আড্ডা শোনা গেছে, সেসব আড্ডার ভাষা ছিল, কুশল বিনিময়, ছাত্রজীবন-কর্মজীবনের স্মৃতিচারণ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিজ কর্মস্থল, সাংসারিক আলাপ ও আংশিক বিএমএ নির্বাচনমূলক। কে জিতবে, কে হারবে, কে কত ভোট বেশি বা কম পাবে- এ ধরণের কোনো আলোচনাই নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উপ-পরিচালক ডা. কায়সার এ প্রতিবেদককে বলেন, বহুদিন পর নির্বাচন হচ্ছে, এটা অন্যরকম মজা পাচ্ছি। অনেকদিন পর চিকিৎসক বন্ধু, ছোট ভাই, সাবেক কলিগদের সঙ্গে দেখা হচ্ছে। চারদিকে সবাই হাসিখুশি- অন্যরকম লাগছে।

বিএমএ- এর বর্তমান মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানকে নির্বাচনের মূল্যায়নে প্রশ্ন করা হলে বলেন, ড্যাবকে আমি নিজে ফোন দিয়েছি, তারা যাতে নির্বাচনে অংশ নেন। এটা খুবই ভাল হত। কে জিতল, কে হারল- এটা তো বড় কথা নয়। আসল কথা, নির্বাচন নির্বাচনের মতো হতো। এই স্বাদ তারা আমাদের গ্রহণ করতে দেননি। এটা দুঃখজনক।

তিনি আরও বলেন, নির্বাচনে উৎসক মুখর পরিবেশ শান্তি-শৃঙ্খলা সবই আছে। এদিক থেকে কোনো সমস্যা নেই। জাল ভোটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব সঠিক নয়।

নির্বাচন কমিশনার মো. লুৎফর রহমানের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে যখন কথা বলা হচ্ছিল, তখন তার পাশের কিছু বুথে চিকিৎসক নন, এমন কয়েকজন একাধিক ভোট দিচ্ছিলেন। এ বিষয়ে কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তারা নির্বাচন কমিশনের ব্যক্তি, এখানে কোনো জালভোট হচ্ছে না। কেউ আমাদের কাছে এমন কোনো অভিযোগ করেননি। করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি