পূর্বাশা ডেস্ক:
প্রায় সাত বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ২৬শে ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তার আগে একটিই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকছে টাইগারদের। আজ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ফঙ্গারেই এর ওয়াঙ্গেরির কোবহাম ওভাল স্টেডিয়ামে গড়াবে প্রস্তুতি ম্যাচটি। ম্যাচটি বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দলে আসা তিন নতুন মুখ শুভাশিষ রায়, মেহিদী হাসান মিরাজ ও তানভির হায়দারের জন্য। এছাড়াও ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা তরুণ পেসার মোস্তাফিজুর রহমানের জন্য ম্যাচটি নিজেকে প্রস্তুত করার সুযোগ। গত মার্চে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি। ভারতের আইপিএল মাতিয়ে দেশে ফিরে ইনজুরিতে পড়লেও তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন কাউন্টি আসরে খেলার জন্য। কিন্তু সেখানে ফের ইনজুরিতে পড়ায় আগস্টে অস্ত্রোপচার করেই দেশে ফিরতে হয় তাকে। কোনো ধরনের ক্রিকেটেই তিনি মাঠে নামতে পারেননি গত প্রায় ৪ মাস। দলের ব্যাটসম্যানদের জন্য আলাদা গুরুত্ব পাচ্ছে প্রস্তুতি ম্যাচটি। থাকছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জও।
মোস্তাফিজকে নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘ইংল্যান্ডে মোস্তাফিজের অস্ত্রোপচার হয়েছিল। এরপর সে বেশ কিছুদিন (প্রায় ৬ মাস) খেলার মধ্যে ছিল না। দীর্ঘ পুনর্বাসন কাটিয়ে ফিটনেস ফিরে পেয়েছে। প্রস্তুতি ম্যাচটা মোস্তফিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে তার অবস্থাটা পুরোপুরি বোঝা যাবে। সে যদি তিনটি স্পেলে ৭-৮ ওভার বোলিং করতে পারে, তাহলে তাকে ওয়ানডেতে রাখবো আমরা।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য গত মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে ওপেনার তামিম ইকবাল রয়েছেন ব্যাট হাতে দারুণ ফর্মে। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে এই ওপেনার দারুণ পারফরম্যান্স করেন। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লীগে এক আসরে ৬ ফিফটির রেকর্ড গড়ে তামিম করেন সর্বাধিক ৪৭৫ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম ইকবাল ১৩টি ম্যাচ খেলেছেন। ২৩.৫০ গড়ে করেছেন ৩২৯ রান। তবে তার আগে ৩৩৫ রান করে তৃতীয় স্থানে থাকা আশরাফুল দলে নেই। কিন্তু ৩৫২ রান করা সাকিব আল হাসান ও ৩৬০ করে শীর্ষে আছেন মুশফিকুর রহীম। তবে নিউজিল্যান্ডের মাটিতে ৭ ম্যাচে ১৯০ রান করে সবার উপরে আছেন তামিম ইকবালই। তার পরই ৪ ম্যাচে ১৬৫ রান করে সফল মাহমুদুল্লাহ রিয়াদ। ১১৭ রান করা মুশফিকুর রহীম ও ৯৮ রান করা সাকিব আল হাসান। ব্লাকক্যাপসদের বিপক্ষে কঠিন কন্ডিশনে ব্যাট হাতে আসলে অগ্নিপরীক্ষাটা দিতে হবে দলের ব্যাটসম্যানদেরই। তাই দলের অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াও তরুণ সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদী হাসান মিরাজদের জন্য প্রস্তুতি ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচটি গুরুত্বপূর্ণ ইমরুল কায়েস ও সৌম্য সরকারের জন্যও। ইমরুল সর্বশেষ আন্তর্জাতিক সিরিজে ফর্মে থাকলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বিপিএলে। আর সৌম্য সরকার ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ফর্মে নেই। বিপিএলেও তিনি ছিলেন সুপার ফ্লপ।
নিউজিল্যান্ডের পেসবান্ধব উইকেটের জন্য দলে রাখা হয়েছে ৫ পেসারকে। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যথারীতি পেস বিভাগের নেতৃত্ব দিবেন। তার সঙ্গে তাসকিন আহমেদ ছাড়াও ফিট থাকলে খেলবেন মোস্তাফিজুর রহমান। একাদশ যদি চার পেসার নিয়ে সাজানো হয় তাহলে চতুর্থ পেসার হিসেবে কে খেলবেন? তাই দীর্ঘদিন পর দলে ফেরা রুবেল হোসেনকে পরীক্ষা দিতে হবে অভিষেকের অপেক্ষায় থাকা শুভাশিষ রায়ের সঙ্গে। তবে পূর্ব পারফরম্যান্সে এগিয়ে রুবেল হোসেনই। সাকিব আল হাসানের পর ১৭ উইকেট নিয়ে সেরা তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশে ও বিদেশের মাটিতে সেরা বোলার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে স্পেশালিস্ট স্পিনার হিসেবে কে থাকবেন? এ নিয়ে প্রস্তুতি ম্যাচটির আলাদা গুরুত্ব লেগ স্পিনার তানভির হায়দার ও অফস্পিনার মেহেদী হাসান মিরাজের কাছে।

























































