ডেস্ক রিপোর্ট ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালের জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হবে। সেই নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।’
শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির। সংবিধানের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠিত হবে। তিনি সার্চ কমিটির মাধ্যমে যোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন, যা সবার জন্য ভালো হবে বলে আমরা বিশ্বাস করি।’
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘যে নির্বাচন কমিশন গঠিত হবে তার অধিনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনও নারায়ণগঞ্জের মতো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’
গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে অংশ নিতে আমাদের প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছিলেন। তিনি সেই আহ্বানে সাড়া দেননি। সেদিন ওনার পথ ধরে আমরাও যদি নির্বচনে অংশ না নিতাম তাহলে আমাদের অবস্থাও থাইল্যান্ডের মতো হতো।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবার কৃতিত্বের কারণেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ভালো হয়েছে, যার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনও প্রধানমন্ত্রীর নেতৃত্বে হবে। তাতে দাবি না তুলে বিএনপি অংশ নেবে বলে আমাদের বিশ্বাস।’



























































