পূর্বাশা ডেস্ক:
দুই দিনব্যাপী ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৬’ আজ শুরু হচ্ছে। আজ ২৪ ও কাল ২৫ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের প্রথম দিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ জানান, আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রথম দিনের অনুষ্ঠান হবে।
প্রধান বিচারপতির সভাপতিত্বে বিচার বিভাগীয় এ সম্মেলনের প্রথম দিনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, দেশের অধঃস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন। এ ছাড়াও ভারতের প্রধান বিচারপতি, বাংলাদেশের বিচার বিভাগসংশ্লিষ্ট মন্ত্রণালেয়ের মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের সচিবগণ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সাব্বির ফয়েজ জানান, কাল ২৫ ডিসেম্বর সম্মেলনের দ্বিতীয় দিনের বিভিন্ন অনুষ্ঠান সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনগুলোতে বিচারকদের জন্য সুনির্দিষ্ট বিষয় শীর্ষক আলোচনা হবে।
এ ছাড়াও অধিবেশনে বিচারকদের গ্রুপ ওয়ার্ক, গ্রুপ প্রেজেন্টশন, প্রতিবেদনসংক্রান্ত বিষয়ও থাকবে। সম্মেলনের দ্বিতীয় দিনের জন্য যে সকল বিচার বিভাগীয় কর্মকর্তারা মনোনিত হয়েছেন ইতিমধ্যে তাদের নাম প্রকাশ করা হয়েছে। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছে। সম্মেলন বিষয়ে বিস্তারিত তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা রয়েছে।
বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মামলা জট কমানো, দ্রুত সময়ে ন্যায়বিচার নিশ্চিত, বিচার বিভাগকে যুগোপযোগী করতে ডিজিটাইলেজেশনের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত করা সংক্রান্ত বিষয় এ সম্মেলনে আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে সুপ্রিম কোর্ট সূত্র জানায়।























































