পূর্বাশা ডেস্ক: কুমিল্লার মেজর জাহিদের স্ত্রী জঙ্গি জেবুন্নেসা শিলা ও তার মেয়ের আত্মসমর্পণ করেছে। ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো অভিযানের ঘটনায় দুইজন নিহত হয়েছে। জঙ্গি নেতা জাহিদ এর আগেই অভিযানে নিহত হয়েছিলেন। রাজধানীর দক্ষিণখানে নব্য জেএমমবির একটি আস্তানায় শনিবার (২৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে শিলাকে জীবিত আটক করে পুলিশ। সঙ্গে রয়েছে তার মেয়ে। এছাড়াও আত্মসমর্পণ করেছেন তৃষ্ণা মুসা নামে আরেক নারী জঙ্গি। তার সঙ্গেও রয়েছে তার মেয়ে।
তারা একটি পিস্তল ও একটি ছুরি পুলিশের কাছে জমা দেয়।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট শুক্রবার দিবাগত রাত ২টা থেকেই দক্ষিণখানের আশকোনায় সূর্যভিলা নামের একটি বাড়িতে এই জঙ্গি আস্তানায় অভিযান চালায়।
সেখানে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়েই এই অভিযানের কথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তিনি আগেই সাংবাদিকদের বলেছিলেন, তাদের কাছে তথ্য রয়েছে এটি নব্য জেএমবির আস্তানা। ভেতরে নারী ও শিশু রয়েছে।
শুরু থেকেই নারী জঙ্গিদের জীবিত উদ্ধারের প্রচেষ্টা ছিলো। আর সে কারণেই প্রায় সাড়ে নয় ঘণ্টা বাড়িটি ঘিরে রাখলেও কোনও সশস্ত্র অভিযান চালায়নি পুলিশ।
তবে কয়েক ঘণ্টা পাড় হলেও কেউ আত্মসমর্পণ না করায় সকালে সেখানে সোয়াট, র্যাব, ফায়ার ব্রিগেডের টিম এনে অভিযানের প্রস্তুতি চলছিলো। সকালে সেখানে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিঞাও হাজির হন। এর কিছুক্ষণ পর দুই নারী জঙ্গি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাদের সঙ্গে ছিলো দুই শিশু। উল্লেখ্য মেজর জাহিদের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুরে ।এদিকে ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো অভিযানের ঘটনায় দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের একথা জানান।
শনিবার ভোররাতে সূর্যভিলা নামে তিন তলা ওই বাড়িটি ঘিরে অভিযানে নামেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বেলা পৌনে ৪টার দিকে ওই অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত হয়েছে। সেখানে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। অভিযান শেষ হলেও বাড়িটিতে প্রচুর গ্রেনেড ও বোমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল সেখানে কাজ করছে।
দুপুরে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, অভিযান চলাকালে চার জঙ্গি সদস্য সকালে আত্মসমর্পণ করেছে। এরপর ওই ভবনে নারীসহ তিন জঙ্গি অবস্থান করছিল। দুপুরে এক নারী সাত থেকে আট বছর বয়সী এক শিশুকে নিয়ে বেরিয়ে আসার সময় গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণের পর ওই নারী আহত হয়ে ঘটনাস্থলে অচেতন অবস্থায় পড়েছিলেন। সেখান থেকে এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ।
পুলিশ জানায়, বোরখা পরা ওই নারী ঘর থেকে বেরিয়ে আসার সময় উপস্থিত আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে দুই হাত উচু করতে বললে সঙ্গে সঙ্গে তিনি শরীরে রাখা গ্রেনেড বিস্ফোরণ ঘটান।
বিস্ফোরণে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আত্মসমর্পণ করা জঙ্গিরা হলো- গত ২ সেপ্টেম্বর রাতে মিরপুরের রূপনগরের একটি বাসায় পুলিশের অভিযানে নিহত সাবেক সেনা কর্মকর্তা জাহিদুলের স্ত্রী জেবুন্নাহার ও মেয়ে এবং নব্য জেএমবির অন্যেতম প্রভাবশালী নেতা মুসার স্ত্রী ও মেয়ে। অভিযান শুরুর পর বাড়িটির ওপরের দুটি ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।


















































