জিনের ভয়ে গাজীপুরের এক পোশাক কারখানার অন্তত ২৫জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার পর কারখানা ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। ওই কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, শনিবার গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার মনিপুর এলাকায় অবস্থিত ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানায় ‘জিনের উপস্থিতি’ ও কয়েকজনকে ‘জিনে ধরেছে’ এমন গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মাঝে আতঙ্ক দেখা দেয়। প্রতিদিনের মতো শনিবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজে যোগ দেন। দুপুরের দিকে এক নারী কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে জিনে ধরেছে ভেবে এসময় আরও কয়েক কর্মী অসুস্থ হয়ে পড়েন। এরপর পর্যায়ক্রমে বেশ কয়েকজন কর্মী অসুস্থ হন। অসুস্থ শ্রমিকদের পেটে ব্যথা, বমি ও মুখ দিয়ে লালা ঝরতে শুরু করে। পরে কারখানা কর্তৃপক্ষ ও অন্য শ্রমিকরা অসুস্থদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশেপাশের বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
অসুস্থ শ্রমিকদের মধ্যে ইতি (২০), রাশেদা (২৫), আসমা (২০), জেসমিন (২০), তানিয়া (২২), সাগরিকা (২১), আফিফা খাতুন (২৪), আল্পনা (২৫), রোকসানা (৩২), সালমা (২৫), কল্পনা (২৮), নাদিরাসহ (৩২) ২০ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার শ্রমিক বিউটি আক্তার ও কারখানার সুয়িং অপারেটর রেশমা আক্তার জানান, গত বৃহস্পতিবারও এভাবে নয়জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিল ।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিক লক্ষণে মনে হচ্ছে অসুস্থ শ্রমিকরা মাস সাইকোজেনিকস ইলনেস’এ ভুগছেন। ‘
শিল্পাঞ্চল পুলিশ-২ (গাজীপুর) এর পরিচালক (এসপি) মো. শোয়েব আহমেদ জানান, ‘শনিবার সকালে হঠাৎ করে এক নারীশ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাকে জিনে ধরেছে এমন খবর কারখানার ভেতরে ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। এসময় কারখানার অপর এক নারী কর্মীর পিরিয়ডের সমস্যায় ব্যথা শুরু হলে শ্রমিকদের মাঝে জিনভীতি দেখা হয়। এরপর পর্যায়ক্রমে অন্তত ২০-২৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছ মালিকপক্ষ।


























































