অবশেষে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নির্বাচন নিয়ে মুখ খুললেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) একাংশের প্যানেল বিএনপি-জামায়াতের সঙ্গে আপোষ করে নির্বাচনে জয়লাভ করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার দুপুরে স্বাচিপের একাংশের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী এবং কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে তারা কখনও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আপোষ করতে পারে না। জামায়াত-বিএনপিকে নিয়ে নির্বাচন করে এ জয় তারা চায়নি। ভবিষ্যতে কখনো চাইবেও না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আঁতাত করে স্বার্থ হাসিল করছে তাদের আমরা নতুন করে চিনলাম। আওয়ামী লীগের নাম ব্যবহার করে কারা তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে বলেও জানান তিনি।
সভাপতির বক্তব্যে স্বাচিপের জেলা কমিটির সভাপতি ডা.শেখ শফিউল আজম বলেন, অপকৌশলের মাধ্যমে দলের বিরুদ্ধে গিয়ে জামায়াত-বিএনপির সঙ্গে ঐক্য করে বিএমএ নির্বাচনে যারা জয়লাভ করেছে তাদেও জন্য ধিক্কার ছাড়া আমাদের আর কিছুই নেই। জামায়াত-বিএনপির সঙ্গে আঁতাত না করেই ভবিষ্যতে আমরা আমাদেও বিজয় ছিনিয়ে আনবো বলে জানান শফিউল আজম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- স্বাচিপ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা.নাসির উদ্দিন মাহমুদ, স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, স্বাচিপের চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. আ ন ম ফারুক রশীদ, স্বাচিপের জেষ্ঠ্য নেতা ডা.জাহিদ হাসান শরীফ এবং ডা.সাদেকুর রহমান চৌধুরী।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত বিএমএ নির্বাচনে স্বাচিপের দু’টি প্যানেল মুজিব-ফয়সল পরিষদ এবং নাসির-মিনহাজ পরিষদ অংশ নেয়। নির্বাচনে মুজিব-ফয়সল পরিষদ জয়লাভ করে। নাসির-মিনহাজ পরিষদ ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরীর আর্শীবাদপুষ্ট। আর মুজিব-ফয়সল পরিষদকে সমর্থন দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। নির্বাচনে মুজিব-ফয়সল পরিষদ জয়লাভ করে।


























































