ডেস্ক রিপোর্টঃ
যশোরে জেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে সিল মেরে ভোট দেওয়ার মাধ্যমে প্রমাণ দেখানোর জন্য ভোটারদের চাপ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী থাকায় ভোটারদের নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন ঘিরে ভোটারদের নিয়ে টানাহেঁচড়া শুরু হয়েছে বলে জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন এক প্রার্থী।
সূত্রমতে, ক্ষমতাসীন দলের বাইরে যশোর জেলা পরিষদ নির্বাচনে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী নেই। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রবীণ নেতা শাহ্ হাদিউজ্জামান একমাত্র প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সদস্যের ১৫টি পদে আওয়ামী লীগ থেকে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ৫টি সংরক্ষিত নারী পদের বিপরীতে প্রার্থী আছেন ১১ জন। তারা সবাই আওয়ামী লীগের জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের প্রভাবশালী নেতা।
এদিকে ক্ষমতাসীন দলের বিপক্ষে ক্ষমতাসীনরাই মাঠে থাকায় বিএনপির ভোটারদের নিয়ে টানাহেঁচড়া শুরু হয়েছে। তাদেরকে প্রকাশ্যে ভোট দিতে চাপ দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়া আসার খরচ দেওয়ার নামে অর্থ দিয়ে ভোট পাওয়ার কৌশল নেওয়া হচ্ছে। একাধিক ভোটার ও প্রার্থী এমন তথ্য দিয়েছেন।
অন্যদিকে, সাধারণ সদস্য পদে ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী শহীদুল ইসলাম ভোটারদের হুমকি দেওয়ার বিষয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন। সোমবার দেওয়া এ অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে তার ওয়ার্ডের হাতি মার্কার প্রার্থী ভোটারদের ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার চাপ দিচ্ছেন। এজন্য তিনি মণিরামপুরের রাজগঞ্জ শহীদ স্মৃতি বালিকা কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার অনুরোধ করেছেন।
এছাড়া, ২৩ ডিসেম্বর প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন খোদ সংরক্ষিত ওয়ার্ড ২ এর প্রার্থী নাজনীন নাহার। তাকে নির্বাচন থেকে সরে যেতে এ হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।























































